পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:২৬ পিএম
অভ্যন্তরীণ জটিলতা ও বৈশ্বিক অস্থিরতায় পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান চ্যালেঞ্জের মুখে পড়তে পারে —এমন শঙ্কা প্রকাশ করেছেন, বিটিএমএ এবং বিজিএমইএ'র নেতারা।
শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড এক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পরিচালনা পরিষদের নির্বাচনকে সামনে রেখে এক প্যানেল পরিচিতি সভায় এ কথা বলেন বক্তারা।
অনুষ্ঠানে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এর সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, আর্থিক সংকট ও নিরাপত্তাসংক্রান্ত সমস্যাসহ বর্তমানে নানা সংকটে জর্জরিত উৎপাদনকারীরা। তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
তিনি আরও বলেন, রপ্তানিতে মূল্য সংযোজনের বাধ্যবাধকতা আরোপ এবং ‘ফ্রি-অব-কস্ট’ (এফওসি) আমদানির ওপর বিদ্যমান বিধিনিষেধ শিথিল করা উচিত হবে না। তার মতে, এসব পদক্ষেপ স্থানীয় উৎস থেকে কাঁচামাল সংগ্রহের পরিবর্তে আমদানিকে উৎসাহিত করতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীরা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে কঠিন সময় পার করছে দেশের তৈরি পোশাকখাত। তাদের মতে, উৎপাদন ব্যয় বৃদ্ধি, আর্থিক সংকট, নীতিগত অনিশ্চয়তা এবং প্রশাসনিক জটিলতা তৈরি পোশাকশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে।
/এসআর