×
Logo

অর্থনীতি

বৃষ্টির প্রভাব: বেড়েছে সবজি-মাছের দাম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৩:১৮ পিএম

বৃষ্টির প্রভাব: বেড়েছে সবজি-মাছের দাম

শুক্রবার ছুটির দিনে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই কাঁচাবাজারের দোকানগুলোতে পণ্যের পশরা সাজিয়ে রাখলেও ক্রেতা কম। কিন্তু দামে কোনও ইতিবাচক প্রভাব নেই।

বরং সরবরাহ সংকটের অজুহাতে সপ্তাহ ঘুরতেই পাল্টে গেছে সবজি বাজারের চিত্র। বিভিন্ন ধরনের সবজিতে কেজিপ্রতি দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। চড়া দামে সবজি কিনতে হিমশিম অবস্থা ক্রেতাদের। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে কাচা মরিচ, এক কেজির জন্য গুণতে হচ্ছে ২৮০ টাকা। 

দাম বৃদ্ধির জন্য খুচরা বিক্রেতারা দুষছেন পাইকারি বিক্রেতাদের। বলছেন, টানা বৃষ্টিতে আড়তে সরবরাহ কমছে। 

অস্বস্তি কাটছে না মাছের বাজারেও। বৈরী আবহাওয়া, অতি বৃষ্টি, কখনও যোগান স্বল্পতা— এমন নানা অজুহাতে বাড়তি দাম হাঁকছেন বিক্রেতারা। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ নদ-নদীর মাছের দাম কেজিতে বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত।

অতি বৃষ্টি আর বন্যায় ঘের তলিয়ে যাওয়ায় কমেছে মাছের আহরণ। আকাশছোঁয়া দাম ইলিশের। এক কেজি আকারের ইলিশের জন্য গুণতে হবে সাড়ে তিন হাজার টাকার বেশি। 

এদিকে, দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর এবার বেড়েছে পেয়াজের দাম। কেজিতে ১০ টাকা বাড়তি দর হাঁকছেন খুচরা বিক্রেতারা। এক কেজি ভালোমানের দেশি পেঁয়াজের জন্য দিতে হবে ৫৫ টাকা। অপরিবর্তিত আছে আদা ও রসুনের দাম।

/এমএন

Logo