বাণিজ্যমন্ত্রী
থাইল্যান্ডে পণ্য রফতানি বাড়াতে চায় বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৩:৩৫ পিএম
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে পণ্য রফতানির পরিমাণ বাড়াতে চায় বাংলাদেশ। অগ্রাধিকারে রয়েছে ওষুধ, পাট পণ্য ও প্রক্রিয়াজাত খাবার। এমনটাই জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর থাই দূতাবাসের আয়োজনে একটি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, 'বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ আছে। জটিলতা নেই জমি, বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে। তাই বিদেশিদের এখানে বিনিয়োগ করা উচিত।'
তিনি বলেন, 'আমি বাংলাদেশি ব্যবসায়ীদের থাইল্যান্ডে আমাদের পণ্য ও সেবা রফতানির সুযোগগুলো কাজে লাগানোর আহ্বান জানাই। টেকসই অর্থনৈতিক সহযোগিতা অবশ্যই পারস্পরিকভাবে লাভজনক হতে হবে।'
আয়োজকরা জানান, বাংলাদেশের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে ব্যবসায়ীদের মাঝে আরও যোগাযোগ দরকার। অভিজ্ঞতার বিনিময় হতে পারে পর্যটন ও কৃষিকে ঘিরে। তাহলেই ভারসাম্যমূলক বাণিজ্য সম্পর্ক নিশ্চিত হবে।
আয়োজনে থাইল্যান্ডের ৫৭টি শীর্ষ প্রতিষ্ঠান অংশ নেয়। প্রদর্শনী শেষ হবে আগামী শনিবার।
/এমএইচআর