দাম নিয়ন্ত্রণে সরকার আমদানির উপর শুল্কছাড় দিলেও দেশের বাজারে বেড়েছে মসলার দাম। জিরা ছাড়া সকল ধরনের মসলার দাম বাড়তি। ২৬-২৭ অর্থবছরের বাজেটে আমদানি করা সকল মসলার ওপর থেকে ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করে সরকার।
বাজার ঘুরে দেখা যায়, বাজেটের পর একেক মসলার একেক রকম আচরণ। জিরার দাম কিছুটা কমলেও দারচিনি, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল, কাজুবাদাম, কাঠবাদাম ও আলুবোখারার দাম বাড়তি। কিন্তু শুল্ক ছাড়ের পর দাম না কমে উল্টো বাড়ছে কেন? এ প্রশ্ন জনমনে। এতে বেশ বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
ভোক্তারা অভিযোগ করে বলেন, তদারকি জোরদার না থাকায় অসাধু একটি চক্র বাড়তি মুনাফা লুটে নিচ্ছে।
মসলা ব্যবসায়ীরা বলেন, মসলার পর্যাপ্ত আমদানি হয়েছে। বাজারে সরবরাহ ব্যবস্থায়ও কোনো সংকট নেই।
এ বিষয়ে ক্যাব সভাপতি এ এইচ এম শফিকুজ্জামান বলেন, বাজারে চাহিদা-যোগানের মাঝে পণ্যের দাম কিছুটা বাড়া-কমা স্বাভাবিক। তবে জনবল অনুযায়ী সমস্যা সমাধানে অভিযান চলমান রয়েছে।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মুহাম্মদ হসানুজ্জামান বলেন, বিদায়ী অর্থবছরে দেশে মসলা আমদানি করা হয়েছে মোট ৫ লাখ টন। সরকারও শুল্ক ছাড় দিয়েছে। বাজার নিয়ন্ত্রণ আনতে অভিযান চলমান আছে।
/এসআর