×
Logo

অর্থনীতি

আর্থিক চাপে সরকার, আলোচনায় চীনা মুদ্রার 'পান্ডা বণ্ড'

রিমন রহমান

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৪:১৬ পিএম

আর্থিক চাপে সরকার, আলোচনায় চীনা মুদ্রার 'পান্ডা বণ্ড'

আর্থিক চাপে পড়েছে সরকার। অর্থবছরের শুরুতেই নেওয়া হয়েছে কৃচ্ছসাধনের উদ্যোগ। যার ফলে সরকারি যানবাহন কেনা বন্ধ থাকবে। নতুন আবাসিক ভবন নির্মাণ করা যাবে না এখন। ভূমি অধিগ্রহণ খাতে ব্যয় বন্ধ করতে হবে। সরকারি কর্মচারীদের গাড়ি কেনায় সুদমুক্ত বিশেষ অগ্রিম নেওয়াও বন্ধ থাকবে। সরকারি অর্থায়নে বিদেশ ভ্রমণ এবং প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিতে পারবেন না কর্মকর্তারা।

এমন অবস্থায় অর্থের খোঁজে সরকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এডিবি, বিশ্বব্যাংকসহ নানা উৎস থেকে নেওয়া হচ্ছে ঋণ।

পাশাপাশি ভিন্ন পথের খোঁজেও এখন অর্থবিভাগ। শুরু হয়েছে 'সভরেন্ট বন্ড' বা সার্বভৌম ঋণের সম্ভাব্যতা যাচাই। বিকল্প অর্থায়ন নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে বৈঠকে প্রাথমিকভাবে চীনা মুদ্রায় 'পান্ডা বন্ড' ইস্যুর বিষয়টি গুরুত্ব পায়। তবে, প্রথম বন্ড ইস্যুর ক্ষেত্রে ডলারে নেওয়ার দিকটিও গুরুত্ব দেন কেউ কেউ। বার্ষিক ঋণ পরিকল্পনায় অন্তভূক্ত করা হবে ইউরো বন্ড বা সার্বভৌম বন্ড ইস্যুর বিষয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেছেন, বিভিন্ন ধরনের শর্ত থাকবে, ঝুঁকি থাকবে, ঋণের বিষয় থাকবে, মুদ্রার ক্ষেত্রে কোন ধরনের মুদ্রা থাকবে— এই ধরনের অনেকগুলো বিষয় কিন্তু আছে। এসব বিষয় যাচাইবাছাই করে তারপর সিদ্ধান্তটা নিতে হবে।

অর্থ মন্ত্রণালয় মনে করে, নতুন এই অর্থায়ন কৌশল বাস্তবায়নে রেয়াতি ঋণের যোগ্যতা নিয়ে উদ্বেগ জানাতে পারে আইএমএফ। পরামর্শ এসেছে, সার্বভৌম ক্রেডিট রেটিং উন্নত করা দরকার। ঝুঁকি পর্যালোচনা, কাঠামো, মুদ্রা-পরিমাণসহ নানা দিক পর্যালোচনায় আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা প্রয়োজন। সার্বিক দিক বিবেচনার নির্দেশনা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর বলেছেন, বাংলাদেশের অর্থনীতির যে আকার, সেটা ৫১০ বিলিয়ন ডলার এবং সেটা সামনে আরও বেড়ে যাবে। হয়তো ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে। এই প্রজেকশন রেখে আমরা যদি ব্যবসার পরিবেশ ভালো করি এবং সবমিলিয়ে ব্যবসা-বাণিজ্য লাভজনক হয়; অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে গেলে বিনিয়োগ বাড়ে, সেক্ষেত্রে আন্তর্জাতিক বন্ড ইস্যু করাটা কিন্তু সহজ। বন্ড মার্কেট দিয়েই পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন অবকাঠামো তৈরি হয়েছে।

উল্লেখ্য, সার্বভৌম ঋণ হচ্ছে রাষ্ট্রীয় ঋণ। যা সরকারি ট্রেজারি বিলের মাধ্যমে সংগ্রহ করা হয়। যার ক্রেতা হতে পারে কোনো ব্যক্তি, গোষ্ঠী, দেশ ও আন্তর্জাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান।

/এমএন

Logo