×
Logo

অর্থনীতি

বাজারে বৃষ্টির প্রভাব, যোগান কম, মাছ-সবজির দাম ঊর্ধ্বমুখী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:৫৬ পিএম

বাজারে বৃষ্টির প্রভাব, যোগান কম, মাছ-সবজির দাম ঊর্ধ্বমুখী

একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে উত্তরাঞ্চলে দুইদিন আগের হঠাৎ বন্যায় সবজির ফলনের ব্যাপক ক্ষয়ক্ষতি। সবমিলিয়ে রাজধানীর বাজারে কমেছে সরবরাহ। এ কারণে প্রায় প্রতিটি সবজির দাম বেড়েছে কেজিতে ২০ টাকা পর্যন্ত। 

ঢাকার নতুন বাজার, মহাখালীসহ বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা যায় পটল, ঢেড়শ, পেপের কেজি ৬০ টাকায় মিললেও করলা, বেগুন, শষার কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটোর কেজি ২৫০ থেকে ২৮০ টাকা পর্যন্ত। ধনে পাতাও কেজিতে বেড়েছে ১০০ টাকা পর্যন্ত। কাঁচা মরিচের দামও আকাশচুম্বী।

এতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের ক্রেতারা। বিক্রেতারা বলছেন, বৃষ্টিতে ক্রেতাদের আনাগোনাও কম। বৃষ্টিতে ক্ষেত থেকে সবজি তোলা দায়। সবমিলিয়ে প্রভাব পড়েছে বাজারে।

বৈরি আবহাওয়ায় কমেছে বেচাকেনাও। বৃষ্টি মাথায় সাত-সকালে দোকান খুলে অনেকটা হতাশ হয়েছেন দোকানদাররা।

এর মধ্যে মাছের বাজার আবার স্বস্তি কেড়ে নিয়েছে ক্রেতাদের। যোগান সংকটের অজুহাতে সপ্তাহের ব্যবধানে মিঠা পানির বড় মাছের দাম কেজিতে দাম বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত। পাবদা- ট্যাংরার কেজি হাকা হচ্ছে ৭০০ টাকা। রুই-কাতলের কেজি ৪০০ টাকা।

স্বস্তি নেই মুরগির বাজারেও। ব্রয়লার বিক্রি হচ্ছে ১৯০ টাকা কেজিতে। সোনালী জাতের দাম স্থিতিশীল থাকলেও দেশি জাত বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়। 

এদিকে, বাজারে ডিমের যোগান ভালো। প্রতি ডজন বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়। 

/এমএন

Logo