বন্ধ শিল্পকারখানা চালুতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১১:২৬ এএম
দেশের বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় চালু করার লক্ষ্যে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তিন বছর মেয়াদি এই আবর্তনশীল তহবিলের অর্থের উৎস হবে তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য।
বাংলাদেশ ব্যাংক জানায়, এই স্কিমে অংশ নিতে আগ্রহী ব্যাংকগুলোকে অবশ্যই একটি চুক্তি স্বাক্ষর করতে হবে। এরপর নিজ নিজ পরিচালনা পর্ষদের অনুমোদন পাওয়ার পর, ব্যাংকগুলো চূড়ান্ত গ্রাহকদের ঋণ বিতরণের উদ্যোগ নেবে।
এদিকে, পুনঃঅর্থায়ন বা প্রাক-অর্থায়ন স্কিম থেকে চলতি মূলধন সুবিধা নেওয়া প্রতিষ্ঠানের আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করার শর্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কখনোই অর্থ পাচার, জালিয়াতি, তহবিলের ভিন্ন খাতে ব্যবহার বা ঋণের অপব্যবহারের সঙ্গে জড়িত ছিলেন না, ঋণ গ্রহীতাকে এমন ঘোষণা দিতে হবে।
এছাড়া, প্রতি প্রান্তিকে ব্যাংকগুলোর পক্ষ থেকে সরজমিনে কারখানা পরিদর্শন প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতাও রাখা হয়েছে।
/এএন