৩০ শতাংশের কম বাস্তবায়ন হওয়া প্রকল্প বাতিল হচ্ছে
তৌহিদ হোসেন
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:৫৪ পিএম
গত দেড় দশকে প্রকল্প বলতে মূলত অবকাঠামো বুঝেছে বাংলাদেশ। এর মধ্যে বরাদ্দ পাওয়া নিয়মিত প্রকল্পের দাপট বেশি। এর বাইরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বইয়ের সবুজ পাতায় থাকে বরাদ্দহীন প্রকল্প। দেশি বা বিদেশি উৎস থেকে অর্থ মিললে মূলত এসব বাস্তবায়ন হয়। আবার অনেক প্রকল্প নামকাওয়াস্তে বরাদ্দ নিয়ে তালিকায় ঝুলে থাকে বছরের পর বছর।
তবে এডিপি বাস্তবায়নের ধারণা বদলাতে চায় পরিকল্পনা কমিশন। সে জন্য দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রকল্প যাচাইবাছাই হবে নতুন করে। যেসবের বাস্তবায়ন ৩০ ভাগের কম, তা বাতিল করতে বলা হয়েছে। এর বাইরে অতিরিক্ত ব্যয় ও অনিয়ম তদন্ত করে ব্যবস্থা, ড্যাশবোর্ডভিত্তিক মনিটরিং চালু ও যোগ্য প্রকল্প পরিচালক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. মনজুর হোসেন বলেছেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিন-চারটি প্রকল্পের ওপর তদন্তের নির্দেশ দিয়েছেন। কিছু প্রকল্প আছে, চার-পাঁচ বছর ধরে সময় বৃদ্ধি করা হচ্ছে, কিন্তু ব্যয়ও হচ্ছে না, সে ধরনের প্রকল্পগুলোতে নিশ্চয় ঝামেলা আছে। এই ধরনের জিনিসগুলোর ওপর জোর দেওয়া হচ্ছে। আমরা পাঁচ বছরের স্ট্রাটেজি ফ্রেমওয়ার্কের মধ্যে একটা প্রোগ্রামেটিক এপ্রোচের কথা বলছি। সেখানে প্রোগ্রামিং ডিভিশন, আইএমইডি ও পরিকল্পনা কমিশনকে আরও শক্তিশালী করা এবং তাদের ভূমিকাকে আরও জোরদার করার কথা বলা হচ্ছে।
এদিকে, চলতি অর্থবছরে এডিপির আকার প্রায় ৩ লাখ কোটি টাকা। এতে নির্দিষ্ট বরাদ্দসহ প্রকল্পের সংখ্যা প্রায় ১৩শ'। এর বাইরে ১ লাখ কোটি টাকার ব্লক বরাদ্দের আওতায় রাখা হয়েছে আরও প্রায় ১২শ' প্রকল্প। এর মধ্যে বিদেশি অর্থায়নের সম্ভাব্য যাচাই হবে ১৭৯টির।
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান বললেন, যারা বাস্তবায়ন করতে পারবেন না, তখন অর্থ মন্ত্রণালয় চিন্তা করবে যে অর্থসংস্থান করে লাভ নেই। সুতরাং পারফরম্যান্স একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে হয়তো রশি টানাটানিও হবে মন্ত্রণালয়ের ভেতর থেকে। কিন্তু আমাদেরকে রাজনৈতিক বাস্তবতাটাও মানতে হবে, নতুন সরকার নতুন এডিপি নিচ্ছেন; উন্নয়ন বিষয়ে তারা যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন, সেটাকে বাস্তবায়ন করতে হলে তারা তাদের মতো এডিপি সাজাতে চাইবেন।
উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের এডিপিতে থাকা ৯৭৬টি বিনিয়োগ প্রকল্পের গড় বয়স ৫ দশমিক ৭ বছর। এর মধ্যে ৪৭ প্রকল্পের বয়স ১০ বছরের বেশি।
/এমএন