বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৪:৪৬ পিএম
সার, জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে খাদ্য সরবরাহ নিশ্চিত করা এবং ঝুঁকিতে থাকা পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের সহায়তায় বাংলাদেশের জন্য ১১০ কোটি ডলারের জরুরি সহায়তা অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক।
বাংলাদেশের দুটি প্রকল্পের জন্য এ সহায়তার কথা গতকাল শুক্রবার (২৬ জুন) বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, খাদ্য নিরাপত্তার জন্য জরুরি সহায়তা প্রকল্পের আওতায় ৩০ কোটি ডলার অর্থায়ন করা হবে। এই অর্থ আগামী আমন ও বোরো মৌসুমের জন্য প্রয়োজনীয় সার আমদানিতে সহায়তা করবে। এ প্রকল্প ১৪ লাখ হেক্টর ফসলি জমিতে ধান চাষে সহায়তা করবে।
বাকি ৭১ কোটি ৩০ লাখ ডলার দেওয়া হবে ‘কনটিনজেন্ট ইমার্জেন্সি রেসপন্স’ বা আকস্মিক দুর্যোগ মোকাবেলার জরুরি কর্মসূচি প্রকল্পের আওতায়। এই অর্থ ক্ষতিগ্রস্ত পরিবার, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নগদ সহায়তা ও জীবিকা পুনর্বাসনে ব্যয় করা হবে। তাতে সংকটের সময়েও চাকরি বা কর্মসংস্থান টিকে থাকবে এবং মানুষের আয়-রোজগার সচল থাকবে।
এছাড়া, খাবার, ওষুধ, চিকিৎসার সরঞ্জাম, বিদ্যুৎ ও পানি সরবরাহের মতো জরুরি সেবাগুলো যেন চালু থাকে, সেজন্য প্রয়োজনীয় তেল ও গ্যাস আমদানির ব্যয়ও এই প্রকল্প থেকে মেটানো হবে। প্রকল্পটির পুরো অর্থ আগামী বুধবারের মধ্যে দিয়ে দেওয়া হবে বলে বিশ্ব ব্যাংক জানিয়েছে।
/এমএন