ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক, ছাড় পাবেন যারা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৭:৩০ পিএম
নতুন অর্থবছর থেকে ব্যাংক হিসাব খুলতে লাগবে ব্যক্তির কর শনাক্তকরণ নম্বর (টিআইএন)। বৃহস্পতিবার (১১ জুন) বাজেটে এ প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর ব্যবসায়িক ব্যাংক হিসাবের ক্ষেত্রে বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে ভ্যাট নিবন্ধন নম্বর।
তবে সংশ্লিষ্টরা বলছেন, এ নিয়ম কার্যকর হলে ব্যাংক হিসাবের সংখ্যা কমবে। বাড়বে ব্যাংকের বাইরে আর্থিক লেনদেন, যা ক্যাশলেস সমাজ গঠনে প্রতিবন্ধকতা তৈরি করবে।
রাজস্ব আয় বাড়াতে বাজেটে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। এই নম্বর ছাড়া বিদ্যমান হিসাবও সচল থাকবে না। তবে শিক্ষার্থী, ভাতাভোগী এবং কর অব্যাহতি প্রাপ্তরা থাকবেন বাধ্যবাধকতার বাইরে। ব্যবসায়িক যেকোনো ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে বাধ্যতামূলক করা হচ্ছে ভ্যাট নিবন্ধন নম্বর।
তবে হিসাব খোলার ক্ষেত্রে কড়াকড়ি এবং নানা শর্ত আরোপ করা হলে নিম্নআয়ের মানুষ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাংকিং আওতায় আনা কঠিন হবে বলে মনে করেন বিশ্লেষকরা।
শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ বলেছেন, সব দায়িত্ব শুধু ব্যাংকের ওপর চাপিয়ে দিলে সাধারণ ভোক্তারা উৎসাহ হারাতে পারে। যেহেতু ওপেন মার্কেট ব্যবস্থা চালু আছে এবং নগদ লেনদেনও খোলা রয়েছে, তাহলে তারা কেন এর মধ্যে যাবে।
অন্যদিকে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ বলেছেন, বিষয়টি এখনই বাধ্যতামূলক না করাই ভালো। তবে টিআইএন থাকলে অ্যাকাউন্টধারীরা কিছু নির্দিষ্ট সুবিধা পেতে পারেন। এজন্য একটি নিয়মিত ও সুসংগঠিত প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করা প্রয়োজন।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাংক আমানতের ওপর কিছুটা ছাড় দেওয়া হয়েছে আবগারি শুল্কে। বর্তমানে ৩ লাখ টাকা ব্যাংক স্থিতির ওপর কোনো আবগারি শুল্ক নেই। বাজেটে এর পরিমাণ বাড়িয়ে ৪ লাখ টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তবে পরের ধাপগুলোতে টাকার পরিমাণ এবং শুল্কের হার অপরিবর্তিত রয়েছে।
/এসআইএন