×
Logo

অর্থনীতি

মুরগি-সবজিতে স্বস্তি, ঊর্ধ্বমুখী মাছের দর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০২:০১ পিএম

মুরগি-সবজিতে স্বস্তি, ঊর্ধ্বমুখী মাছের দর

ছুটির আমেজ কাটেনি রাজধানীর মাছ বাজারে। দোকানীদের দাবি, ঈদ শেষে গ্রাম থেকে ফেরেনি অনেক আড়তদার-পাইকার। ক্রেতাদের আনাগোনাও কিছুটা কম। তবে দাম ঊর্ধ্বমুখী। ব্রয়লার ও সোনালি জাতের মুরগির দাম কেজি প্রতি কমেছে ২০ থেকে ৪০ টাকা। বাজারে ডিমের ডজন ১৩০ থেকে ১৩৫ টাকা। তবে মহল্লার দোকানে বিক্রি হচ্ছে আরও একটু বেশি দরে। কাঁচাবাজারে বেশিরভাগ সবজিও মিলছে ৪০ থেকে ৭০ টাকায়।

শুক্রবার (৫ জুন) রাজধানীর বেশকিছু বাজার ঘুরে দেখা গেছে এমন তথ্য।

মূলত, কোরবানী ঈদের পর মাছের চাহিদা খানিকটা বেড়েছে। তবে উপকূল-হাওর ও মিঠা পানির মাছের যোগান তেমন বাড়েনি। দোকানীরা বলছেন, এখনও ছুটি কাটাচ্ছেন অনেক আড়তদার ও পাইকার। ক্রেতার উপস্থিতিও তুলনামূলক কম।

দেড় সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি রুই-কাতলের দাম বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। তেলাপিয়ার দামও ঊর্ধ্বমুখী।

এদিকে মুরগির বাজারের দেশি জাতের উত্তাপ বেড়েই চলছে। সরবরাহও তেমন নেই, প্রতি কেজির দাম হাকা হচ্ছে ৭৮০ টাকা। তবে ব্রয়লার মুরগির দর কেজিতে ১০/২০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা। সোনালি জাতের দরও কিছুটা নিম্নমুখি।

মধ্যবিত্তের আমিষের চাহিদা পূরণের শেষ ভরসা, ডিমের বাজার। ঈদের পর ক্রেতা কমেছে। বাজারে লাল ডিমের ডজন ১৩০-১৩৫ টাকার মিলছে। হাঁসের ডিমের জন্য গুনতে হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা।

দোকানিরা বলছেন, আগামী সপ্তাহ থেকে বাজারে ক্রেতার আনাগোনা আরও বাড়বে।

ঈদের সপ্তাহজুড়ে ভারী খাবারের পর বাঙালির রসনাবিলাসে বেড়েছে সবজির চাহিদা। রাজধানীর কাঁচাবাজারে বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৭০ টাকার মধ্যে। যদিও টমেটো, শিমের দাম কিছুটা চড়া।

এদিকে, জ্বালানি তেল ও বিদ্যুতের দামবৃদ্ধি ভাবাচ্ছে ভবিষ্যত নিয়ে। তবে, কৃষকরা বলছেন এবার সবজির উৎপাদন হয়েছে অনেক। মাঠপর্যায়ে ন্যায্য দরই মিলছে না। তাই সামনে কাঁচাবাজারে দরবৃদ্ধির সম্ভাবনা কম।

/এমএইচআর


Logo