বিশ্ববাজারে স্বর্ণসহ অন্যান্য ধাতুরও দাম বেড়েছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০১:১১ পিএম
বিশ্ববাজারে তেলের দাম কমায় মূল্যস্ফীতি ও উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ কিছুটা প্রশমিত হয়েছে। যার প্রভাবে বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২২ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭৫৪ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন স্বর্ণ ফিউচার ১ দশমিক ১ শতাংশ বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৭২ দশমিক ৬০ ডলারে।
বাজার বিশ্লেষক এডওয়ার্ড মেয়ারের মতে, যুদ্ধবিরতির স্থায়িত্ব বাজারের অস্থিরতা কমাতে বড় ভূমিকা রাখছে। ট্রাম্পের এই সিদ্ধান্তে শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা দিলেও ডলারের মান কিছুটা নিম্নমুখী।
তবে ইরান ও যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল এই বর্ধিত যুদ্ধবিরতিতে শেষ পর্যন্ত সায় দেবে কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। যদি কোনো কারণে এই যুদ্ধবিরতি ভেঙে পুনরায় সংঘাত শুরু হয়, তবে ডলার ও তেলের দাম বাড়ার পাশাপাশি স্বর্ণের বাজারে বড় ধরনের চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্বর্ণের সঙ্গে অন্য মূল্যবান ধাতুরও দাম বেড়েছে। স্পট রুপার দাম এক দশমিক ১৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৭ দশমিক ৯৭ ডলার হয়েছে, প্লাটিনাম এক দশমিক শতাংশ বেড়ে ২,০৭০.৩৭ ডলার এবং প্যালাডিয়াম এক দশমিক ৯ শতাংশ বেড়ে ১,৫৬১.৭২ ডলারে পৌঁছেছে।