জ্বালানি সংকটের প্রভাব বাজারেও, ফিরছে না স্বস্তি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২২ পিএম
বঙ্গোপসাগরে সব ধরনের মাছ শিকারের ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলছে। এর প্রভাব এসে পড়েছে রাজধানীতে-ও; অর্থাৎ বাজারে তেমন সামুদ্রিক মাছের যোগান নেই।
তবে ফ্রোজেন ইলিশের সরবরাহ থাকলেও দাম বেশ চড়া। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার টাকার উপরে। রুইয়ের কেজি সাড়ে তিনশ, পাঙ্গাশ ২২০ এবং পাবদা বিক্রি হচ্ছে ৫০০ টাকা দরে। ছোট মাছের দামেও নেই স্বস্তির আভাস। টেংরা ৭০০ এবং কাচকি বিক্রি হচ্ছে ৬০০ টাকায়।
এদিকে, রাজধানীর সবজির বাজারও বেশ চড়া। গত সপ্তাহের তুলনায় কেজিপ্রতি দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। পটল, সিম, বেগুন, লতি, ঝিঙ্গা ও বরবটির দামও ১০০ টাকার উপরে।
দোকাদাররা বলছেন, জ্বালানি সংকটের কারণে পরিবহন খরচ বেড়ে যাওয়ার প্রভাব বাজারে স্পষ্ট হচ্ছে। অন্যদিকে, ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেটের দখলে চলে গেছে বাজার। তদারকি জোরদারে দাবি তাদের।
মাংসের বাজারেও স্বস্তি এসেছে, তা নয়। প্রথমে আকাশচুম্বী বাড়িয়ে এখন নামকাওয়াস্তে কমানো হচ্ছে সোনালি মুরগির দাম। ৪২০ টাকা কেজির সোনালি মুরগি এখন মিলছে ৩৮০ থেকে ৩৯০ টাকায়। যদিও মাসখানেক আগে একই মুরগি কেনা যেত ৩২০ টাকাতেই। ব্রয়লারের দামও ১৮০-১৮৫ টাকা হাঁকা হচ্ছে।
এদিকে, নিম্ন ও মধ্যবিত্তের প্রোটিনের উৎস ডিমের বাজারও চড়া। লাল ডিমের ডজন বিকোচ্ছে ১২০ টাকা করে।
/এমএন