এলডিসি গ্র্যাজ্যুয়েশন: সল্পোন্নত দেশ থেকে গেলেও কঠিন হবে প্রতিযোগিতা
তৌহিদ হোসেন
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৬ পিএম
জাতিসংঘের হিসাবে স্বল্পোন্নত দেশ বা এলডিসি হওয়ার সুবাদে বাংলাদেশ রফতানিতে সুবিধা পাচ্ছে ৫১ বছর ধরে। তবে ২০১৮ ও ২০২১ সালের মূল্যায়নে বাংলাদেশকে এলডিসি গ্র্যাজুয়েশন অর্থাৎ উন্নয়নশীল দেশ ঘোষণার সুপারিশ করে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)। কথা ছিল ২০২৪ সালে এই সিদ্ধান্ত কার্যকর হবে। কিন্তু কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে গ্র্যাজুয়েশনের মেয়াদ ২ বছর বাড়ানো হয়।
এছাড়া, শুরু থেকেই এলডিসি উত্তরণ পেছানোর পক্ষে শিল্প মালিকরা। তাতে সায় দিয়ে জাতিসংঘে চিঠিও দিয়েছে নতুন সরকার। যেখানে বলা হয়, গত দুই বছর রাজনৈতিক পালাবদলে পর্যাপ্ত প্রস্তুতি নেয়া যায়নি। নতুন মার্কিন ট্যারিফের কারণে বিশ্ববাজারও অস্থির। এসব কারণে দীর্ঘস্থায়ী সংকট তৈরি হলে তা সামলাতে প্রস্তুত নয় বাংলাদেশ। প্রশ্ন হচ্ছে, এসব যুক্তি কি ধোঁপে টিকবে?
ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে মুজেরি বলেছেন, জাতিসংঘের সেই কমিটি যদি মনে করে আমাদের যে যুক্তি, সেগুলো খুব একটা সবল নয়, তখন বাংলাদেশকে উত্তরণ করতে হবে। কাজেই, এককভাবে এটা আমরা চাইলেই হবে না।
সেন্টার ফর পলিসি ডায়ালগের অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান বলেন, সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি কঠিন সময় পার হচ্ছে, সেটা একটা পয়েন্ট হতে পারে এক্ষেত্রে ।