ইনোভেশন হাব ভবনের উদ্বোধন করল অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২০ পিএম
প্রযুক্তিনির্ভর শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং তরুণ উদ্যোক্তা বিকাশের নতুন সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'এডাস্ট ইনোভেশন হাব' ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইনোভেশন হাব ভবনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল্লাহ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব এম. শামসুল আলম লিটন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব আরিফুল বারী মজুমদার, সদস্যসচিব জনাব মোঃ কামরুজ্জামান লিটু, সদস্য অধ্যাপক ড. মোঃ সিরাজুল হক চৌধুরী, সদস্য জনাব কামরুন নেহার এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, ইউজিসি'র সাবেক পরিচালক (পরিকল্পনা) জনাব মাকসুদুর রহমান ভূঁইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক অর্থ, বিভিন্ন অনুষদ ও বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আনোয়ারুল্লাহ চৌধুরী উচ্চশিক্ষার সঙ্গে গবেষণা, জ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন বলেন, পরিবর্তনশীল বিশ্বে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কেবল প্রচলিত পাঠদান কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণার সক্ষমতা এবং বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করতে হবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন ও দক্ষতা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ইনোভেশন হাব ভবনের নির্মাণ, অবকাঠামোগত পরিকল্পনা, সমন্বয় এবং এর উদ্দেশ্য ও সম্ভাবনা তুলে ধরে পরিচিতিমূলক বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এবং এডাস্ট ইনোভেশন হাব ভবন নির্মাণ ও সমন্বয় কমিটির আহ্বায়ক ড. ইঞ্জিনিয়ার জাবের আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেম্বার, এডাস্ট ইনোভেশন হাব বিল্ডিং কন্সট্রাকশন এন্ড কো-অর্ডিনেটর কমিটি এবং সি এস ই বিভাগের কো-অর্ডিনেটর রাফিদ মাহমুদ হক।
/এসআর