×
Logo

ক্যাম্পাস

ইউজিসির সিদ্ধান্ত মানবে না ঢাবি, নির্ধারিত সূচিতেই ভর্তি পরীক্ষা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম

ইউজিসির সিদ্ধান্ত মানবে না ঢাবি, নির্ধারিত সূচিতেই ভর্তি পরীক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও সম্পূরক (পুনঃপরীক্ষা) পরীক্ষার কথা বিবেচনা করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা পেছানোর বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) যে সিদ্ধান্ত নিয়েছে, এর সঙ্গে একমত নয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়টি পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি আবেদন ও পরীক্ষা আয়োজন করবে।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, সবার সম্মতিতে পূর্বঘোষিত সময়সূচি বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। নির্ধারিত সময়েই ভর্তি আবেদন ও পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের সময়সূচি ও সংশ্লিষ্ট বিষয় সোমবার ইউজিসিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা হয়। এতে এইচএসসি পরীক্ষা ফল পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষার ফলাফল বিবেচনা করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় পেছানোর সিদ্ধান্ত নেয় ইউজিসি।

উল্লেখ্য, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। ডিসেম্বরের শুরুতেই তাদের পরীক্ষা নেওয়া হবে।

সরকার আগামী ৩১ ডিসেম্বর পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে। এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাক তা চায় ইউসিজিসি।

/এমএন

Logo