বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। আজ শনিবার (৩১ অক্টোবর) দীপকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে নৌ পুলিশ।
এই ঘটনায় গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলাটি করেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম।
গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বন্ধু দীপের ডাকে সাড়া দিয়ে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। পরে দীপ গণমাধ্যমে জানিয়েছিলেন, তাহসিফের মোটরসাইকেলে সমস্যা হওয়ায় তারা ওয়ার্কশপে গিয়েছিলেন। মোটরসাইকেল ঠিক করার পর একসঙ্গে খাবার খেয়ে তারা একে অপর থেকে বিদায় নেন।
তবে, বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থেকে দীপকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল শুক্রবার তাকে নিয়ে টঙ্গীর তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় যায় পিবিআই। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন তাহসিফের মোটরসাইকেলটি উদ্ধার করে।
এরপর পিবিআই জানায়, জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেন, ঘটনার রাতে তিনি ও তাহসিফ তুরাগ নদসংলগ্ন এলাকায় গিয়েছিলেন। সেখানে কয়েকজন তাদের ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। তবে দীপের এই বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল রাতে পিবিআই দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে। এই ঘটনায় মামলা দায়েরের আগে থেকে নৌ পুলিশ তদন্ত করছে। পাশাপাশি পিবিআই ছায় তদন্তে নামে।
/এমএন