×
Logo

ক্যাম্পাস

মারা গেছেন এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরা

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০১:০৩ এএম

মারা গেছেন এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরা

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চেসি ত্রিপুরা মারা গেছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান।

প্রক্টর মাহবুবুর রহমান জানান, বিকেল পর্যন্ত তিনি হাসপাতালে অবস্থান করছিলেন। পরে কিছু সময়ের জন্য হাসপাতালের বাইরে যান। এর কিছুক্ষণ পর চেসির সহপাঠী রিসার্চ চাকমা তাকে জানান, চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে চেসিকে মৃত ঘোষণা করেছেন। পরে হাসপাতাল থেকে তার ছাড়পত্রও দেওয়া হয়।

গত সোমবার রাজশাহীর বাগমারায় এক সহপাঠীর বাসায় পূজার দাওয়াতে যান চেসি ও তার আরেক সহপাঠী। সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশায় করে ক্যাম্পাসে ফেরার পথে দুর্গাপুর এলাকায় দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পান চেসি।

দুর্ঘটনার পর তাকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

চেসির জরুরি উন্নত চিকিৎসার প্রয়োজন বিবেচনায় নিয়ে তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রামেক হাসপাতালের হোস্টেলসংলগ্ন মাঠ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

/এসআইএন

Logo