×
Logo

ক্যাম্পাস

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগ করানোর অভিযোগ

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পিএম

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগ করানোর অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জাওয়াদুল হককে জোর করে পদত্যাগ করানোর অভিযোগ উঠেছে। চব্বিশের ১০ সেপ্টেম্বর তিনি নিয়োগ পেয়েছিলেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, উপাচার্যের ব্যবহৃত নীল রঙের বিশ্ববিদ্যালয়ের লোগে সম্বলিত গাড়িটি ভবনের বাইরে রাখা রয়েছে। তবে উপাচার্য ডা. জাওয়াদুল হক তার কক্ষে নেই। কক্ষের দরজায় নতুন তালা দেওয়া।

উপাচার্যের ব্যক্তিগত সহকারী নাজমুল হোসাইন জানান, বেলা সাড়ে এগারোটার দিকে রাজশাহীর আপামর ছাত্র-জনতার ব্যানারে ভিসি ঘেরাও কর্মসূচি লেখা একদল লোক ক্যাম্পাসে প্রবেশ করে। তখন উপাচার্য নিজের দফতরে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারসহ অন্যান্যরা সেখানে আলোচনা করছিলেন। এ সময় নাজমুল হোসাইন তাদের কক্ষে প্রবেশে বাধা দিতে চাইলে তাকেসহ জোর করে উপাচার্য কক্ষে প্রবেশ করেন তারা। এরপর জোরজবরদস্তি ও ধস্তাধস্তি করে উপাচার্য ডা. জাওয়াদুল হককে পূর্ব থেকে প্রিন্ট করা পদত্যাগপত্রে স্বাক্ষর নেন। একইভাবে উপাচার্যের ব্যক্তিগত সহকারী নাজমুল হোসাইনকেও তার চাকরি থেকে অব্যহতি পত্রে স্বাক্ষর করানো হয়।

জানা গেছে, আপামর ছাত্র-জনতার ব্যানারে আসা ব্যক্তিরা কক্ষে প্রবেশের সময় ভবনটির বিদ্যুৎ সরবরাহের সংযোগ কেটে দেন। চলে যাবার সময় উপাচার্য কক্ষের কম্পিটার ও সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের যন্ত্রপাতি সাথে করে নিয়ে যান। এ ঘটনার পর কক্ষটিতে তালা মেরে দেওয়া হয়। ফলে উপাচার্যসহ ডেপুটি রেজিস্ট্রার ক্যাম্পাস ছেড়ে বাইরে চলে যান। 

এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা আইনগত সহায়তা চাওয়া হয়নি। 

/এমএন

Logo