রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা
৫ সদস্যের তদন্ত কমিটি গঠন, হল প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান: প্রক্টর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৮ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন এবং হল প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান।
সোমবার (৫ অক্টোবর) তিনি এ কথা জানান।
এর আগে, রোববার (৪ অক্টোবর) রাতে রাবিতে দেশীয় অস্ত্রসহ মিছিলের দৃশ্য মুঠোফোনে ভিডিও ধারণ করতে গিয়ে ছাত্রদল নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন কর্তব্যরত সাংবাদিকরা।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের সূত্রে জানা যায়, রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ জিয়াউর রহমান হলের সামনে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে অংশ নেওয়া বেশ কয়েকজন নেতাকর্মীর হাতে প্রকাশ্যে রামদা'সহ দেশীয় ধারালো অস্ত্র দেখা যায়।
এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে সেখানে উপস্থিত কয়েকজন সাংবাদিক অস্ত্র প্রদর্শনের দৃশ্য ভিডিও ধারণ করতে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠেন মিছিলকারীরা। তারা সাংবাদিকদের বাধা প্রদান করেন এবং একপর্যায়ে সাংবাদিকদের শারীরিকভাবে মারধর ও লাঞ্ছিত করেন।
আহতদের মধ্যে রয়েছেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু।
/এএন