জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী ৩ বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। আদেশ অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে তার এই নিয়োগ কার্যকর হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(২) ধারা মোতাবেক উপাচার্য মহোদয়ের অনুমোদনক্রমে তাকে পদায়ন করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সূচনালগ্ন থেকেই শিক্ষকতা করে আসছেন আনওয়ারুস সালাম।
দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি বিভাগীয় বিভিন্ন একাডেমিক উন্নয়ন ও গবেষণা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বও সামলাচ্ছেন। এর আগে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের (PRIP) পরিচালকের দায়িত্ব পালন করেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম বিভাগের সার্বিক শিক্ষা ও গবেষণার পরিবেশ আরও গতিশীল এবং আন্তর্জাতিক মানের করতে সকলের সহযোগিতা কামনা করেছেন। শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, তার মেধা, দীর্ঘ অভিজ্ঞতা এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আগামী দিনগুলোতে আরও অনেক দূর এগিয়ে যাবে।
/এমএমএইচ