ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো 'বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ ২০২৬'
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পিএম
গণিতের কোনো নির্দিষ্ট রূপ নেই। কিন্তু যখন দেশের ৫২টি জেলার ৬০০ শিক্ষার্থী এক ছাদের নিচে জড়ো হয়, তখন অংক আর শুধুই খাতার পাতায় আটকে থাকে না।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে বসেছিল এমনই এক আসর। দেশের সবচেয়ে বড় দলভিত্তিক গণিত প্রতিযোগিতা 'বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ' বা 'বিএমটিসি ২০২৬'- এর জাতীয় পর্ব।
শরতের সকালে ১৫০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা প্রতিযোগীদের ভিড়ে মুখর ছিল ক্যাম্পাস। উদ্দেশ্য একটাই। গণিতের ভীতি দূর করে সমস্যা সমাধানের আনন্দ খুঁজে নেওয়া।
এদিন সকাল ৯টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলে একক ও দলগত পরীক্ষা। এরপর শুরু হয় সবচেয়ে আকর্ষণীয় পর্ব। দুপুর দুইটা ৩০ মিনিট থেকে তিনটা ১০ মিনিট পর্যন্ত চলা প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের চমৎকার সব প্রশ্নের মুখে রীতিমতো হিমশিম খান উপস্থিত প্যানেলিস্টরা।
বিকেল তিনটা ১০ মিনিটে শুরু হয় বিশেষ সেমিনার। সেখানে বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মো কায়কোবাদ। অতিথি হিসেবে আরও ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য ও বুয়েটের অধ্যাপক ডক্টর সুলতানা রাজিয়া।
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশেষ সেশন পরিচালনা করেন লিংক থ্রি টেকনোলজিস লিমিটেডের এআই বিজনেস ট্রান্সফর্মেশন ডিরেক্টর রকিবুল হাসান। সমাপনী পর্বে কথা বলেন এসিআইয়ের অদম্য মেধাবী প্রোগ্রামের এক্সিকিউটিভ ডিরেক্টর শাহ আলম এবং ট্যালি খাতার ফাউন্ডার ও সিইও শাহাদাত হোসাইন।
আয়োজন নিয়ে বাংলার ম্যাথের সহপ্রতিষ্ঠাতা ও কনভেনার আহমেদ শাহরিয়ার শুভ জানান তাদের লক্ষ্যের কথা। শুধু প্রতিযোগিতা নয় বরং শিক্ষার্থীদের চিন্তার পরিধি বাড়ানোই তাদের মূল উদ্দেশ্য।
সহপ্রতিষ্ঠাতা ও প্রোগ্রাম কোঅর্ডিনেটর এস এম মাহতাব হোসাইন যোগ করেন দলগত সমস্যা সমাধানের গুরুত্বের কথা। তিনি চান গণিত শেখার পাশাপাশি শিক্ষার্থীরা যেন নতুন বন্ধু তৈরি করে এবং বড় স্বপ্ন দেখে।
আরেক সহপ্রতিষ্ঠাতা ও একাডেমিক সমন্বয়ক আশরাফুল আশ শাকুর জানান বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ করে দিতেই এবারের আয়োজনে সেমিনার রাখা হয়েছে।
এর আগে গত চারই সেপ্টেম্বর অনলাইনে অনুষ্ঠিত হয় সিলেকশন রাউন্ড। সেখান থেকে বাছাই করা মেধাবীরাই সুযোগ পায় জাতীয় পর্বে। দিনশেষে একক ও দলগতভাবে পুরস্কৃত হয় ১৫০ জনের বেশি শিক্ষার্থী।
তিন ক্যাটাগরির মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হিসেবে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল পুরস্কার জিতে নেয় বগুড়া জিলা স্কুলের টিম 'দ্য ট্রায়াঙ্গুলার ইনিকুয়ালিটি'। তারা ছিল ইন্টারমিডিয়েট ক্যাটাগরির প্রতিযোগী।
জাতীয় পর্বের বিজয়ীদের মধ্য থেকে টিম সিলেকশন টেস্টের মাধ্যমে একটি দল গঠন করা হবে। সেই দলটিই আগামী ডিসেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ ২০২৬ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
/এমএইচআর