চীন-দক্ষিণ এশিয়া মেরিন কো-অপারেশন ফোরামে যোগ দিতে চীনে ঢাবি উপাচার্য
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পিএম
চীন-দক্ষিণ এশিয়া মেরিন কো-অপারেশন ফোরামে অংশ নিতে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টা ১০ মিনিটে এয়ার চায়নার সিএ ৭০২ ফ্লাইটে তিনি রওনা হন।
চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধীন ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফি ও শাংদাও মিউনিসিপ্যাল গভর্নমেন্টের যৌথ আয়োজনে আগামী ১৭ ও ১৮ সেপ্টেম্বর শাংদাওয়ের স্টারলাইট আইল্যান্ড কনফারেন্স সেন্টারে ফোরামটি অনুষ্ঠিত হবে।
সফরকালে FIO ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারক নবায়ন করা হবে। এছাড়া সমুদ্র পর্যবেক্ষণ ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা, চীন-বাংলাদেশের যৌথ গবেষণা এবং সমুদ্রবিজ্ঞান বিষয়ে যৌথ গবেষণাগার প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন উপাচার্য।
উপাচার্যের সফরসঙ্গী হিসেবে রয়েছেন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্নেন্সের পরিচালক ড. কে এম আজম চৌধুরী।
ফোরামে অধ্যাপক হুমায়ুন কবির দুর্যোগ ঝুঁকি হ্রাসে চীন-বাংলাদেশের সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। অধ্যাপক আবুল কালাম সরকার সুনীল অর্থনীতি ও টেকসই সামুদ্রিক উন্নয়নবিষয়ক অধিবেশনে সহ-সভাপতিত্ব করবেন। ড. কে এম আজম চৌধুরী উত্তর বঙ্গোপসাগরের অক্সিজেন মিনিমাম জোন নিয়ে গবেষণার ফলাফল উপস্থাপন করবেন।
ফোরামে চীন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পাকিস্তানের গবেষক ও নীতিনির্ধারকেরা অংশ নেবেন।
/এসআর