×
Logo

ক্যাম্পাস

আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে খুলনা বিশ্ববিদ্যালয়ের '৭ম সমাবর্তন'

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম

আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে খুলনা বিশ্ববিদ্যালয়ের '৭ম সমাবর্তন'

আগামী ১৮ জানুয়ারি, অনুষ্ঠিত হবে খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আয়োজনের বিষয়ে সম্মতি দিয়েছেন।

এ উপলক্ষে, গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর), বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। সাক্ষাৎকালে, বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন আয়োজনসহ শিক্ষা, গবেষণা ও সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

বৈঠকে, উপাচার্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। বিশেষকরে, সুন্দরবন, উপকূলীয় অঞ্চল, লবণাক্ততা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গবেষণার অগ্রগতি ও উৎকর্ষতার কথা তুলে ধরেন তিনি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার বিষয়েও রাষ্ট্রপতিকে জানান উপাচার্য। এরমধ্যে শিক্ষার্থীদের আবাসন সংকট, শ্রেণিকক্ষের অপ্রতুলতা এবং মাঠ গবেষণাগারের সীমাবদ্ধতার বিষয়গুলো গুরুত্ব পায়।

রাষ্ট্রপতি খুলনা বিশ্ববিদ্যালয়কে গবেষণার উৎকর্ষতার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন নীতি নির্ধারণে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। 

তিনি বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির সুন্দরবনকেন্দ্রিক গবেষণার পাশাপাশি লবণাক্ততা, জলবায়ু পরিবর্তন, উপকূলীয় পরিবেশ ও প্রতিবেশ নিয়ে প্রায়োগিক গবেষণার ব্যাপক সুযোগ রয়েছে।

রাষ্ট্রপতির মতে, এসব গবেষণা বাংলাদেশের উন্নয়ন ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গবেষণার মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম গবেষণাভিত্তিক নীতি-পরামর্শ প্রতিষ্ঠানে পরিণত হওয়ার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সাক্ষাৎকালে, শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিভিন্ন দিকনির্দেশনা দেন রাষ্ট্রপতি। এ সময় খুলনা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে তার বিভিন্ন স্মৃতিও তুলে ধরেন তিনি।

পরে রাষ্ট্রপতি খুলনা বিশ্ববিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনা করেন এবং ৭ম সমাবর্তন আয়োজনের জন্য শুভকামনা জানান। একইসঙ্গে, সমাবর্তন আয়োজন সফল করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

/এআই 

Logo