ঢাবি ক্যাম্পাসে সাম্প্রতিক ৩ ঘটনা তদন্তে পৃথক ৩টি কমিটি গঠন, প্রতিবেদন ৭ কর্মদিবসে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সম্প্রতি ঘটে যাওয়া আলোচিত তিনটি পৃথক ঘটনা তদন্ত ও কার্যকর পদক্ষেপের সুপারিশের লক্ষ্যে পৃথক তিনটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ডাকসুর বিতর্কিত কর্মকাণ্ডকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি খতিয়ে দেখতে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩’-এর ১২ (৩) ধারা অনুযায়ী এসব কমিটি গঠন করা হয়। গঠিত কমিটিগুলোকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত কমিটি গঠনের কারণগুলো হলো—ডাকসু কর্তৃক ‘DU Evaluation’ নামে বিতর্কিত ওয়েবসাইট চালু, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কলাভবন সংলগ্ন ডাকসু ভবনের পশ্চিম পাশে ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘নির্ভীক জুলাই’ নামে স্মৃতিস্তম্ভ স্থাপন এবং ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ ও ইসলামী ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের বিতর্কিত ছবি টানানোর ঘটনা। প্রতিটি কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তীতে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে।
গঠিত তিনটি কমিটির রূপরেখা:
‘DU Evaluation’ ওয়েবসাইট চালু তদন্ত কমিটি: ডাকসু কর্তৃক ওয়েবসাইটটি চালুর সামগ্রিক বিষয় পর্যালোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-কে আহ্বায়ক করে ৬ সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল -এর পরিচালক। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ কমিটিতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
‘নির্ভীক জুলাই’ স্মৃতিস্তম্ভ স্থাপন তদন্ত কমিটি: নির্দিষ্ট আইন বিদ্যমান থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো অনুমোদন ছাড়া ডাকসু ভবনের পশ্চিম পাশে ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে স্মৃতিস্তম্ভ নির্মাণের ঘটনা খতিয়ে দেখতে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-কে আহ্বায়ক করে ৫ সদস্যের কমিটি গঠিত হয়েছে। এতে সদস্য হিসেবে রয়েছেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, আইন অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। কমিটির সদস্য-সচিবের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার।
জিন্নাহ ও আব্দুল মালেকের ছবি বিতর্ক তদন্ত কমিটি: ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহ ও ছাত্রসংঘের সাবেক নেতা আব্দুল মালেকের ছবি টানানোর মতো স্পর্শকাতর ঘটনাটি তদন্তে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-এর নেতৃত্বে আরও একটি ৫ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে। এ কমিটির বাকি সদস্যরা হলেন আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও প্রক্টর। এ কমিটিতেও বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।
ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ পদক্ষেপ গ্রহণ করেছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
/এএ