কানাডায় যাত্রা শুরু করল ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব আলবার্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ এএম
কানাডার আলবার্টা প্রদেশে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মেলবন্ধনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব আলবার্টা’।
রোববার (১৬ আগস্ট) এডমন্টনের রান্ডল পার্কে এক মনোরম পরিবেশে আয়োজিত প্রীতি পিকনিকে মিলিত হন সাবেক শিক্ষার্থীরা। আনন্দঘন পুনর্মিলনীর পাশাপাশি সেখানে সংগঠনটির প্রথম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়, যাতে অংশ নেন ৩৩ জন সাবেক শিক্ষার্থী। সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের আনুষ্ঠানিক গঠনতন্ত্র অনুমোদন করা হয়।
কেবল পারস্পরিক সম্প্রীতি রক্ষা নয়, সুনির্দিষ্ট কিছু মানবিক ও সামাজিক কল্যাণমূলক লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে নবগঠিত এই প্ল্যাটফর্ম। আলবার্টায় নতুন আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আবাসন ও কর্মসংস্থানসহ স্থানীয়ভাবে থিতু হতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা দেবে সংগঠনটি। এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আর্থিক সংকটে থাকা অসচ্ছল শিক্ষার্থীদের জন্য নিয়মিত শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা এবং বাংলাদেশে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয় এই সভায়।
আগামী দিনে সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য সর্বসম্মতিক্রমে নয় সদস্যের একটি পূর্ণাঙ্গ গভর্নিং বডি নির্বাচিত করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ড. মোহাম্মদ রহিম এবং সহসভাপতি হয়েছেন মো. তারেক সুলতান। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ড. এইচ এম আশরাফ আলী।
কমিটিতে অন্যান্য পদে কোষাধ্যক্ষ হিসেবে মোহাম্মদ আলম এবং কালচার অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ড. শানজিদা খান। এছাড়া আতিকুল ইসলাম, আহসানুল হাবিব রুমি, রাশেদ ভূঁইয়া এবং ড. মো. মিনহাজুল ইসলামকে মেম্বার-অ্যাট-লার্জ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে নবনির্বাচিত সভাপতি ড. মোহাম্মদ রহিম সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং প্রবাসের মাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য সমুন্নত রেখে মানবিক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
/এএ