২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আসছে বছরে ১৪ মার্চ বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়ে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল। তত্ত্বীয় পরীক্ষা শেষে ২২ এপ্রিলের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা শেষ করে নম্বর অনলাইনে পাঠাতে হবে।
সোমবার (২৪ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে। পরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তা অনুমোদন করেছে।
এর আগে, আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা জানুয়ারিতে নেওয়ার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পরে এ সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।
পরে গত ২ জুন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, অংশীজনদের মতামত বিবেচনায় নিয়ে প্রয়োজনে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে। এরই ধারাবাহিকতায় পবিত্র রমজান ও ঈদুল ফিতরের বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষা মার্চে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
/এমএন