শতভাগ জিপিএ-৫ নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুলে
স্টাফ রিপোর্টার, নরসিংদী
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৩:০০ পিএম
এসএসসি পরীক্ষায় আবারও দেশসেরা ফলাফল করেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস। এবার পরীক্ষায় অংশ নেওয়া ৩৮২ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে এসএসসির ফল প্রকাশের পর এ তথ্য জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে পিইসি, জেএসসি ও এসএসসিতে শতভাগ পাসসহ প্রায় প্রতিবছরই বোর্ডে দেশসেরা ফল করে আসছে প্রতিষ্ঠানটি। এবার বিজ্ঞান বিভাগ থেকে ৩৭৬ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ অর্জন করেছে।
শিক্ষার্থীদের ভাষ্য, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, গাইড টিচারের মাধ্যমে নিয়মিত হোম ভিজিট, টিউটোরিয়াল ও মাসিক পরীক্ষার কারণেই এই সাফল্য সম্ভব হয়েছে।
এই সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরাও। তারা বলছেন, প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল কাদির মোল্লার প্রচেষ্টাতেই প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে ভালো ফল করে আসছে।
আব্দুল কাদির মোল্লা এই সাফল্য নরসিংদীবাসীকে উৎসর্গ করে বলেন, নরসিংদীর মতো মফস্বল শহরে মানসম্মত শিক্ষা দেওয়ার অঙ্গীকার নিয়েই তিনি ও তার স্ত্রী নাসিমা বেগম বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের চার স্তম্ভ- পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক—একে অপরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার কারণেই ভালো ফল অর্জন সম্ভব হচ্ছে। ভবিষ্যতে এ অঞ্চলের আরও শিক্ষা প্রতিষ্ঠান এমন সাফল্য অর্জন করবে বলেও প্রত্যাশা করেন তিনি।
/এমএমএইচ