×
Logo

ক্যাম্পাস

আমার যে ক্ষতি হয়েছে, এটা নিয়ে আর বলার কিছু নেই: কুবিতে শহীদ কাইয়ুমের মা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১০:২৯ পিএম

আমার যে ক্ষতি হয়েছে, এটা নিয়ে আর বলার কিছু নেই: কুবিতে শহীদ কাইয়ুমের মা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‍্যালির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে ব্যবসায় শিক্ষা অনুষদের সেমিনার কক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন ও প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ শিক্ষার্থী আবদুল কাইয়ুমের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে জুলাই আন্দোলনে শহিদ কুবি শিক্ষার্থী আবদুল কাইয়ুমের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় তার মায়ের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সম্মাননা গ্রহণের পর শহীদ আবদুল কাইয়ুমের মা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমার বাড়িতে গিয়ে আমার অবস্থা সম্পর্কে দেখেছেন। আমার যে ক্ষতি হয়েছে, এটা নিয়ে আমার আর বলার কিছু নেই।

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা ধারণ করে বিশ্ববিদ্যালয়কে মুক্তবুদ্ধি চর্চা ও স্বাধীন মতপ্রকাশের জায়গা হিসেবে গড়ে তুলতে হবে।

উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, ১৭ বছরের শাসনামলে ধ্বংসপ্রাপ্ত বিচার ও প্রশাসনিক ব্যবস্থা এবং অন্যায়ের বিরুদ্ধে তরুণ ও নারীদের অসামান্য সাহসিকতাই ২০২৪ সালের আন্দোলনকে সফল করেছে। তাই উৎসব বা কনসার্টের পরিবর্তে শহীদ পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁদের কথা শোনা ও শ্রদ্ধা জানানোই এবারের আয়োজনের মূল লক্ষ্য ছিল।

তিনি আরও বলেন, আন্দোলনে শিক্ষার্থীদের অবদান নিয়ে বিভেদ না করে শহীদদের আদর্শ ধারণ করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে সব রাজনৈতিক দল ও শিক্ষার্থীদের সহাবস্থান নিশ্চিত করার পাশাপাশি শহিদ আবদুল কাইয়ুমের পরিবার যেন সরকারি সুযোগ-সুবিধা ও ফ্ল্যাট পায়, সে বিষয়ে সর্বোচ্চ প্রশাসনিক সহযোগিতার চেষ্টা করা হবে।

সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, জুলাই আমাদের আবেগের সঙ্গে জড়িত। তিনি আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ভূমিকার জন্য বিশেষ কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠান শেষে শহীদ আবদুল কাইয়ুম ও জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে বাদ জোহর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

/এনএ 

Logo