যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পাওয়ায় খুবির অধ্যাপক রেজাউল ইসলাম চাকরিচ্যুত
খুলনা ব্যুরো
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০২:০০ পিএম
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পাওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. রেজাউল ইসলামকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় সিন্ডিকেটের ২৩৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মাহবুবুর রহমান যমুনা টেলিভিশনকে বলেন, অধ্যাপক রেজাউল ইসলামের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়েছে। সিন্ডিকেট সভায় বিষয়টি অনুমোদন হয়।
রেজিস্ট্রারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত জুনের মাঝামাঝি সময়ে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক রেজাউল ইসলামের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে যৌন হয়রানি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন বার্তা পাঠানোর অভিযোগ ওঠে। এ ঘটনার পর তাকে ডিসিপ্লিন প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে অভিযোগের তদন্ত শুরু করে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ ও নিরোধ কেন্দ্র।
অভিযোগের পর শিক্ষার্থীরা বিক্ষোভ, মানববন্ধন ও অভিযুক্ত শিক্ষকের কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ, অধ্যাপক রেজাউল ইসলাম মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে এক শিক্ষার্থীকে উত্ত্যক্তমূলক ও অশালীন বার্তা পাঠিয়েছেন। এ বিষয়ে ভুক্তভোগীর পক্ষে বার্তার স্ক্রিনশটসহ লিখিত অভিযোগ বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ ও নিরোধ কেন্দ্রে জমা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের গঠিত তদন্ত কমিটি ২৯ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা, ২০০৮’-এর ধারা ৬.৩(ক) অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
এর পরিপ্রেক্ষিতে ৩০ জুলাই অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৩৭তম সভার সিদ্ধান্ত নং–৮ অনুযায়ী নৈতিক অসচ্চরিত্রতার দায়ে অধ্যাপক রেজাউল ইসলামকে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে।
/এসআইএন