ঢাবিতে জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৮:০১ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর রিসার্চ অন ন্যাশনালিজম অ্যান্ড ডেমোক্রেসি (সিআরএনডি)-এর অভিষেক অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানে উন্মোচন করা হয় 'শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন' গ্রন্থের মোড়ক। শনিবার (১৮ জুলাই) দুপুরে সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, বইটি গবেষণাধর্মী কাজ। এতে জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন, রাজনীতি, পররাষ্ট্রনীতি ও প্রশাসনিক চিন্তা তুলে ধরা হয়েছে। তিনি বলেন, প্রতিটি অধ্যায়ে গবেষণার ছাপ স্পষ্ট। লেখক দেশি-বিদেশি সূত্র ব্যবহার করেছেন। উপাচার্য বলেন, জিয়াউর রহমানকে নিয়ে গবেষণার বিশাল ক্ষেত্র রয়েছে। তিনি সবাইকে বইটি পড়ার আহ্বান জানান।
গ্রন্থের রচয়িতা পুলিশের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ড. মো. রুহুল আমিন সরকার। তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শনের ভিত্তি ছিল আল্লাহর ওপর আস্থা, গণতন্ত্র, জাতীয়তাবাদ ও মুক্তবাজার অর্থনীতি। তার চিন্তা জন লক, রুশো, অ্যাডাম স্মিথসহ বিভিন্ন তাত্ত্বিকের আলোকে বিশ্লেষণ করা হয়েছে।
প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, এটি গবেষণার নতুন অধ্যায়ের সূচনা। ভবিষ্যতে আরও দলিল যুক্ত হলে গ্রহণযোগ্যতা বাড়বে।
বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার। তিনি বলেন, জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও আদর্শিক ভিত্তি তৈরি করেছে। তার দর্শন এখনও প্রাসঙ্গিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক জেলা জজ শরিফ উদ্দিন আহমেদ। তিনি লেখকের প্রশংসা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
/এমএমএইচ