×
Logo

ক্যাম্পাস

ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি ১৮ ডিসেম্বর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৯:৩৬ পিএম

ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি ১৮ ডিসেম্বর

ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূতি উপলক্ষে বর্ণাঢ্য মহা মিলনমেলা উদযাপনের ঘোষণা দিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রাক্তন ছাত্র সংসদ (ডিএক্সএসএ)। আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় হীরকজয়ন্তীতে এই বিদ্যালয়ের শিক্ষকদের অবদানের স্বীকৃতি, কিংবদন্তি প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনার পাশাপাশি গ্র্যান্ড গ্লোবাল রিইউনিয়নের পরিকল্পনা নিয়েছে সংগঠনটি।

উৎসবে লাইভ পারফরম্যান্স করবেন দেশের জনপ্রিয় দুই সংগীতশিল্পী এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফেরদৌস ওয়াহিদ ও অর্ক ব্যান্ডের হাসান।

শুক্রবার (১০ জুলাই) ধানমন্ডিতে বিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ডিএক্সএসএ অ্যাডহক কমিটি। সংবাদ সম্মেলনে ফেরদৌস ওয়াহিদ (ব্যাচ '৬৯), সৈয়দ হাসানুর রহমান হাসান (ব্যাচ '৮৬) এবং অ্যাডহক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অ্যাড-হক কমিটির আহ্বায়ক এহতেশাম এইচ খান (ব্যাচ '৮৪) এবং সদস্য সচিব মাহফুজ বিন ইউসুফ (ব্যাচ '৯৬)-এর নেতৃত্বে একটি অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ কমিটি এই আয়োজনের দায়িত্ব পালন করছে। সদস্য সচিব মাহফুজ বিন ইউসুফ বলেন, আমরা চাই ১৯৬৫ থেকে ২০২৬ পর্যন্ত এই বিদ্যালয়ের প্রতিটি প্রাক্তন ছাত্র এই উৎসবের অংশ হোন — দেশে থাকুন বা বিদেশে।

আয়োজনের পরিকল্পনা

১৮ ডিসেম্বরের অনুষ্ঠানে থাকবে শিক্ষকদের জন্য বিশেষ সম্মাননা, প্রাক্তনীদের মহামিলন, স্মৃতিচারণ পর্ব এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকরা জানিয়েছেন, দেশের বাইরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রাক্তন ছাত্রদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

ষাট বছরের পথচলায় এই বিদ্যালয় যে অসংখ্য মেধাবী ও গুণী মানুষ তৈরি করেছে, ১৮ ডিসেম্বরের আয়োজন হবে তাদের সকলের প্রতি একটি সম্মিলিত কৃতজ্ঞতার প্রকাশ।

/এসআর 


Logo