মাভাবিপ্রবিতে সংঘর্ষের ঘটনায় ৭ সদস্যের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি
স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৬:৫২ পিএম
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা–মিশর ম্যাচ দেখার সময় বসাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় সাত সদস্যের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে প্রক্টরিয়াল কমিটি ও সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যানদের নিয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, গত ৭ জুলাই রাতে আর্জেন্টিনা–মিশর ম্যাচ দেখাকে কেন্দ্র করে পরিসংখ্যান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খেলা শুরুর আগে বসার স্থান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। পরে এক সিনিয়র শিক্ষার্থীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা দফায় দফায় সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আবদুল কুদ্দুসসহ অন্তত ১০ জন আহত হন। আহত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে এবং গুরুতর আহত একজনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় প্রথম একাডেমিক ভবনের জানালার কাচ ও সামনের ফুলের টব ভাঙচুরের ঘটনাও ঘটে।
জরুরি সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানানো হয়।
/এসআর