জাবিতে র্যাগিংয়ের ঘটনায় ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০১:৪০ এএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের নবীন শিক্ষার্থীদের ডেকে নিয়ে র্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (৪ জুলাই) রাতে তাদের বহিষ্কার করে প্রজ্ঞাপন জারি করা হয়। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান— ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ মাঠে তাদের ডেকে কান ধরানো, অকথ্য ভাষায় গালিগালাজ ও পোশাকের নিয়ম শেখানোর নামে বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করে।
এ সময় এক নবীন শিক্ষার্থী কৌশলে জাকসুর এক কার্যকরী সদস্যের কাছে খবর দেন। পরে প্রক্টরিয়াল টিম ও জাকসুর অ্যান্টির্যাগিং সেলের সদস্যরা গিয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের আটক করে নিয়ে আসেন।
ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রক্টরের কাছে লিখিত অভিযোগ জমা দেন। পরে অভিযুক্তরাও প্রক্টরিয়াল টিমের কাছে লিখিতভাবে ঘটনার দায় স্বীকার করেন।
/এমএইচআর