ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫২ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৫:৫৭ পিএম
গৌরব, ঐতিহ্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫২ বছর পূর্তি। এ উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য পুনর্মিলনী ও মিলনমেলায় বিভাগের শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী ও মার্কেটিং পরিবারের সদস্যরা অংশ নেন।
মঙ্গলবার (১ জুলাই) মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. সিরাজুল হক, বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন ব্যাচের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী, উপদেষ্টা দেওয়ান রাশিদুল হাসান, মো. শাহজাহান ও রাশিদা হোসাইন। এছাড়াও নির্বাহী কমিটির সহ-সভাপতি শরীফুল ইসলাম দুলু, সাধারণ ও জীবন সদস্য, অ্যালামনাই এবং শুভানুধ্যায়ীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ৫২ বছরের এই গৌরবময় যাত্রাকে স্মরণ করে অনুষ্ঠানে বিভাগের সমৃদ্ধ ঐতিহ্য, সাফল্য এবং ভবিষ্যৎ অগ্রযাত্রার প্রত্যয় ব্যক্ত করেন। দেশ ও সমাজের উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।
আয়োজকরা জানান, এই মিলনমেলা মার্কেটিং পরিবারের পারস্পরিক বন্ধন, সৌহার্দ্য ও ঐক্যকে আরও সুদৃঢ় করেছে। গৌরবময় এই আয়োজন সকলের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।
/এমএসটি