যমুনা টেলিভিশনে এনইউবিটিকে’র সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:৪৫ পিএম
পরিদর্শন শেষে যমুনা টেলিভিশন ভবনের সামনে যমুনা টেলিভিশনের চিফ রিপোর্টার আখলাকুস সাফাসহ এনইউবিটিকে‘র শিক্ষক ও শিক্ষার্থীরা
সাংবাদিকতার তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে যমুনা টেলিভিশন পরিদর্শন করেছেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার (এনইউবিটিকে) সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থীরা। ব্যবহারিক কোর্সের অংশ হিসেবে আয়োজিত এ শিক্ষা সফরে তারা সংবাদ উৎপাদন ও সম্প্রচারের বিভিন্ন ধাপ সম্পর্কে ধারণা নেন।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে খুলনা থেকে যমুনা টেলিভিশনের প্রধান কার্যালয়ে পৌঁছান নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার (এনইউবিটিকে) সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থীরা।
ব্যবহারিক কোর্সের আওতায় আয়োজিত এ ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন বিভাগের প্রধান মুস্তাফিজুর রহমান এবং কোর্স শিক্ষক এম এম মুজাহিদ উদ্দীন। পরিদর্শনকালে শিক্ষার্থীরা যমুনা টেলিভিশনের নিউজরুম, স্টুডিও, প্রোডাকাশন কন্ট্রোল রুমসহ সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও সম্প্রচারের বিভিন্ন ধাপ ঘুরে দেখেন। আধুনিক টেলিভিশন সাংবাদিকতার কর্মপ্রক্রিয়া সম্পর্কে তারা হাতে-কলমে ধারণা লাভ করেন।
পরে যমুনা টেলিভিশনের চিফ রিপোর্টার আখলাকুস সাফা এবং হেড অব নিউজ মো. তৌহিদুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা সমসাময়িক গণমাধ্যম, পেশাদার সাংবাদিকতার চ্যালেঞ্জ এবং দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীরাও তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর জানার সুযোগ পান এবং বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেন।
শিক্ষার্থীদের দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের শিক্ষা সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
/এসআর