আগামীকাল গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের গেজেট প্রকাশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পিএম
আগামীকাল গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের গেজেট প্রকাশ করবে সরকার। শনিবার (৩১ অক্টোবর) পোশাক খাতের উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দিয়েছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শ্রমমন্ত্রী জানান, গার্মেন্টস ব্যবসাকে ধ্বংস করতে একটি পক্ষ মাঠে নেমেছে। এছাড়া, মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়ার পরও কেন আন্দোলন চলছে, এমন প্রশ্ন তুলেছেন তিনি।
তিনি আরও জানান, তিন বছরের মাথায় সরকার মজুরি বোর্ড গঠন করছে। আলোচনার ভিত্তিতে এই বোর্ড সুপারিশ করবে।
শ্রমমন্ত্রী বলেন, অনেকে চাকরিপ্রত্যাশীদের নিয়ে মজুরি বাড়ানোর আন্দোলন করছেন, যা ঠিক নয়। এছাড়া, দেশের সবচেয়ে বড় খাত নিয়ে নৈরাজ্য যাতে তৈরি না হয়, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। ইতোমধ্যে মালিক ও শ্রমিক পক্ষ বোর্ডে অন্তভুক্ত করতে প্রতিনিধিদের নাম জমা দিয়েছেন বলেও জানান তিনি।
সভায় বকেয়া মজুরি ও ভাতা পরিশোধের আহ্বান জানিয়েছেন শ্রমমন্ত্রী বলেন, শিল্পাঞ্চলে বাড়িভাড়া যেন না বাড়ে সেদিকে খেয়াল রাখা হবে।
/এএন