এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের আয়ে রেকর্ড, মুনাফা বেড়েছে ১৯ গুণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৭:৫১ এএম
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উচ্চক্ষমতাসম্পন্ন মেমোরি চিপের চাহিদা। আর এই চাহিদার জোয়ারেই রেকর্ড মুনাফার পথে হাঁটছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্স।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ গুণ বেড়েছে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত প্রাথমিক আর্থিক পূর্বাভাসে (আর্নিংস গাইডেন্স) স্যামসাং জানায়, এপ্রিল থেকে জুন—এই তিন মাসে তাদের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে প্রায় ৫৮ বিলিয়ন মার্কিন ডলার। টানা তৃতীয় প্রান্তিকের মতো এটিও কোম্পানির ইতিহাসের অন্যতম সর্বোচ্চ ত্রৈমাসিক পরিচালন মুনাফা।
একই সময়ে প্রতিষ্ঠানটির বিক্রিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্যামসাং জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে তাদের বিক্রয় হয়েছে প্রায় ১৭১ ট্রিলিয়ন কোরিয়ান ওন, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি।
দক্ষিণ কোরিয়ার বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো পূর্ণাঙ্গ আর্থিক প্রতিবেদন প্রকাশের আগে সাধারণত বিনিয়োগকারীদের ধারণা দিতে আয়ের প্রাথমিক পূর্বাভাস প্রকাশ করে। জুলাইয়ের শেষ দিকে স্যামসাংয়ের বিস্তারিত আর্থিক প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে।
বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে এআই প্রযুক্তির ব্যাপক বিস্তারের ফলে সেমিকন্ডাক্টর, বিশেষ করে উন্নত মেমোরি চিপের চাহিদা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। তবে উৎপাদন সেই হারে বাড়তে না পারায় সরবরাহ ও চাহিদার মধ্যে ব্যবধান তৈরি হয়েছে, যার ফলে চিপের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ-এর বিশ্লেষক মার্ক আইনস্টাইন বলেন, স্যামসাংয়ের এই ফলাফল কোম্পানিটির ইতিহাসের অন্যতম সেরা ত্রৈমাসিক পারফরম্যান্স। এমনকি এটি চলতি বছরের শুরুতে এনভিডিয়া যে রেকর্ড গড়েছিল, তারও কাছাকাছি অবস্থান করছে।
তার ভাষ্য, 'এটি পুরোপুরিই এআই বুমের প্রভাব। সীমিত সরবরাহের বিপরীতে নজিরবিহীন চাহিদার ঢেউয়ে ভেসে যাচ্ছে মেমোরি চিপ নির্মাতারা।'
বিশ্বের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর নির্মাতা স্যামসাং এনভিডিয়া ও গুগল-এর মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্যও চিপ উৎপাদন করে। জেনারেটিভ এআই প্রযুক্তির বিস্তারের কারণে এসব প্রতিষ্ঠানের উন্নত চিপের চাহিদা কয়েক মাস ধরেই ধারাবাহিকভাবে বাড়ছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারেও।
চলতি বছরের শুরু থেকে স্যামসাংয়ের শেয়ারের দাম দ্বিগুণের বেশি বেড়েছে। একই সময়ে দক্ষিণ কোরিয়ার আরেক মেমোরি চিপ নির্মাতা এসকে হাইনিক্স-এর শেয়ারের দাম বেড়েছে ২০০ শতাংশেরও বেশি।
প্রযুক্তি খাতের এই শক্তিশালী প্রবৃদ্ধির প্রভাব পড়েছে দক্ষিণ কোরিয়ার পুঁজিবাজারেও। দেশটির প্রধান শেয়ারসূচক কসপি, চলতি বছরে ৮০ শতাংশের বেশি বেড়েছে, যার পেছনে স্যামসাং ও এসকে হাইনিক্সের মতো সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোর শক্তিশালী পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিশ্লেষকদের ধারণা, বিশ্বজুড়ে এআই প্রযুক্তির ব্যবহার আরও বাড়তে থাকলে উন্নত মেমোরি চিপের চাহিদাও উচ্চ পর্যায়ে থাকবে। ফলে স্যামসাংসহ শীর্ষ সেমিকন্ডাক্টর নির্মাতাদের আয় ও মুনাফা আগামী সময়েও শক্তিশালী থাকার সম্ভাবনা রয়েছে।
/এআই