৪০ হাজার পাউন্ডে বিক্রি হলো আগাথা ক্রিস্টির স্বাক্ষর করা বই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম
বিশ্বখ্যাত রহস্য-রোমাঞ্চ ধারার উপন্যাসিক আগাথা ক্রিস্টির প্রথম সংস্করণের একগুচ্ছ বই বিক্রি হয়েছে ৪০ হাজার পাউন্ডে। বইগুলোর মধ্যে কয়েকটিতে লেখিকার নিজের হাতে করা স্বাক্ষরও রয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর), যুক্তরাজ্যের, নরফোকের ডিস শহরে, বিশেষ নিলামের আয়োজন করে নিলামকারী প্রতিষ্ঠান টিডব্লিউ গেইজ। সেখানেই বিক্রি হয় বইগুলো।
সংগ্রহে থাকা বইগুলোর মধ্যে সবচেয়ে বেশি দাম উঠেছে ‘মার্ডার ইন মেসোপটেমিয়া’ উপন্যাসটির। আগাথা ক্রিস্টির বিখ্যাত গোয়েন্দা চরিত্র এরকুল পোয়ারোকে নিয়ে লেখা বইটির স্বাক্ষরযুক্ত একটি প্রথম সংস্করণ বিক্রি হয়েছে ২৮ হাজার পাউন্ডে। ১৯৩৬ সালের ৬ জুলাই, প্রথম প্রকাশিত হয় উপন্যাসটি। নিলামকারী প্রতিষ্ঠানটির ইতিহাসে একক কোনো বই বিক্রির ক্ষেত্রে এটিই সর্বোচ্চ দাম।
নিলামে বিক্রি হওয়া বইগুলো বিভিন্ন ব্যক্তির সংগ্রহে ছিল। এর মধ্যে কয়েকটি বইয়ের মালিক ছিলেন ক্যারোলিন ওয়েস্ট। দাবি, তার দাদা-দাদি ছিলেন আগাথা ক্রিস্টির দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু।
নিলাম পরিচালনাকারী বই বিশেষজ্ঞ রব হেনসউড বলেন, বিরল বইয়ের বাজার এখন আগের যেকোনো সময়ের তুলনায় শক্তিশালী। আগাথা ক্রিস্টির প্রথম সংস্করণের ২৬টি বইয়ের নিলাম ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। এর মধ্যে পাঁচটিতে লেখিকার নিজের হাতে করা স্বাক্ষর ছিল।
হেনসউডের ধারণা, সংগ্রহে থাকা প্রতিটি বইয়ের প্রথম সংস্করণের এক হাজারেরও কম কপি এখন টিকে আছে। আর মূল প্রচ্ছদসহ সংরক্ষিত কপির সংখ্যা সম্ভবত কয়েকশর বেশি নয়।
তিনি বলেন, যুদ্ধের আগের সময়ের আগাথা ক্রিস্টির স্বাক্ষরযুক্ত প্রথম সংস্করণের বই পাওয়া অত্যন্ত বিরল। এমন বই নিলামে বিক্রির জন্য পাওয়া সত্যিই বিস্ময়কর।
ক্যারোলিন ওয়েস্ট জানান, তার দাদা রয়্যাল আর্মি মেডিকেল কর্পসে কাজ করতেন। প্রথম বিশ্বযুদ্ধের পর মেসোপটেমিয়ায় আগাথা ক্রিস্টির সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তী সময়ে তাদের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব গড়ে ওঠে।
ওয়েস্টের দাবি, বইগুলো আগাথা ক্রিস্টি নিজেই তার দাদা-দাদিকে উপহার দিয়েছিলেন। বইগুলোর ভেতরে লেখিকার হাতে লেখা ছোট ছোট বার্তাও রয়েছে। সেখানে তিনি লিখেছিলেন, ‘আশা করি বইটি আপনাদের ভালো লাগবে’, এরপর নিজের স্বাক্ষর দিয়েছিলেন।
যদিও ওয়েস্টের কখনো আগাথা ক্রিস্টির সঙ্গে সরাসরি দেখা হয়নি, তবু পারিবারিক স্মৃতি হিসেবে বইগুলো তার কাছে বিশেষ মূল্যবান। নিলামে অধিকাংশ বই বিক্রি করে দিলেও পরিবারের সঙ্গে বিশেষ আবেগ জড়িয়ে থাকায় তিনটি বই নিজের কাছে রেখে দিয়েছেন তিনি।
১৮৯০ সালে, যুক্তরাজ্যের টরকিতে জন্মগ্রহণ করেন আগাথা ক্রিস্টি। প্রথম বিশ্বযুদ্ধের সময় শহরটির রেড ক্রস হাসপাতালে নার্স হিসেবে কাজ করেছিলেন তিনি। ১৯৭৬ সালে মৃত্যুর আগ পর্যন্ত ৮০টিরও বেশি বই লিখেছেন এই সাহিত্যিক। বিশ্বের সর্বাধিক বিক্রিত ঔপন্যাসিকদের মধ্যে অন্যতম তিনি। তার রহস্য-রোমাঞ্চ উপন্যাস আজও বিশ্বজুড়ে পাঠকদের কাছে সমান জনপ্রিয়।
/এআই