১৫ অক্টোবর বাংলা একাডেমিতে শুরু হচ্ছে ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৬’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৬ পিএম
রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শুরু হচ্ছে সৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্যের আয়োজনে ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৬’। ১৭ দিনব্যাপী এ আয়োজন চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে কার্নিভাল।
এবারের কার্নিভালের মূল প্রতিপাদ্য ‘ঐতিহ্যের পাতায় নতুন দিনের গল্প’। পাঠক, লেখক, প্রকাশক, বইপ্রেমী ও সংস্কৃতিমনস্ক মানুষের মধ্যে সাহিত্য ও সৃজনশীলতার সংযোগ আরও নিবিড় করাই এ আয়োজনের লক্ষ্য। আয়োজকদের ভাষ্য, এটি ঐতিহ্যের সবচেয়ে বড় আয়োজন এবং বাংলাদেশের কোনো প্রকাশনা প্রতিষ্ঠানের অন্যতম বৃহৎ আয়োজন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে অনানুষ্ঠানিকভাবে কার্নিভালের উদ্বোধন হবে। বিকেল সাড়ে ৫টায় মোড়ক উন্মোচন করা হবে বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ লেখক আবু রুশদের সাত খণ্ডের ‘রচনাবলি’।
কার্নিভালে প্রতিদিনই থাকছে বিষয়ভিত্তিক নানা আয়োজন। এর মধ্যে রয়েছে রাইটার্স ডে, বুক ইনফ্লুয়েন্সার গেট টুগেদার, শিশুদের চিত্রাঙ্কন ও গল্প বলা প্রতিযোগিতা, শিশুদের চিত্রপ্রদর্শনী, টাইপোগ্রাফি ও ক্যালিগ্রাফি কর্মশালা, ওপেন এয়ার পডকাস্ট, ক্লাব ডে, পাবলিশার্স ডে, বাংলা একাডেমির গাছপরিচিতি, একক নাটক ‘শহীদ কাদরী’ এবং সংগীতসন্ধ্যা।
কার্নিভালের ১৭ দিনে রচনাবলিসহ ১৭টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। পাশাপাশি প্রতিদিনই থাকবে নতুন বই নিয়ে আয়োজন। সাহিত্য, ইতিহাস, অর্থনীতি, অনুবাদ, কবিতা, কথাসাহিত্যসহ নানা বিষয়ে লেখক, কবি, অনুবাদক ও বিশ্লেষকেরা অংশ নেবেন উন্মুক্ত পডকাস্ট আলোচনায়।
১৬ অক্টোবর সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণের বিভিন্ন প্রজাতির গাছের সঙ্গে আগ্রহীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। এ আয়োজনে মডারেটর হিসেবে থাকবেন প্রকৃতিবিদ, উদ্ভিদ ও পরিবেশবিষয়ক লেখক মোকারম হোসেন। একই দিন বিকেলে থাকছে বুক ইনফ্লুয়েন্সারদের মিলনমেলা এবং সন্ধ্যায় তরুণদের কণ্ঠে সুফিঘরানার গান।
১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে রাইটার্স ডে। এতে ঐতিহ্যের দেড় হাজারের বেশি লেখককে আমন্ত্রণ জানানো হয়েছে। ২৩ অক্টোবর থাকবে টাইপোগ্রাফি ও ক্যালিগ্রাফি কর্মশালা। ২৪ অক্টোবর সকাল থেকে রাত পর্যন্ত প্রদর্শিত হবে শিশুদের আঁকা ছবি। একই দিন শিশুদের চিত্রাঙ্কন ও গল্প বলা প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।
এ ছাড়া ২২ অক্টোবর ক্লাব ডেতে সাহিত্য ক্লাবের প্রতিনিধিদের নিয়ে সম্মাননা ও গেট টুগেদার অনুষ্ঠিত হবে। ২৮ অক্টোবর পাবলিশার্স ডেতে বিভিন্ন প্রজন্মের প্রকাশকেরা বাংলা প্রকাশনার অতীত ও বর্তমান নিয়ে আলোচনা করবেন। কার্নিভালের শেষ দিন ৩১ অক্টোবর থাকবে ঐতিহ্য ও সহযোগী প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক কর্মীদের মিলনমেলা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন এবং ম্যাড থিয়েটারের প্রযোজনায় একক নাটক ‘শহীদ কাদরী’।
বইয়ে সর্বোচ্চ ৭১ শতাংশ ছাড়
বইপ্রেমীদের জন্য কার্নিভালে থাকছে বিশেষ মূল্যছাড়। মজুত থাকা বইয়ে সর্বোচ্চ ৭১ শতাংশ এবং ঐতিহ্য প্রকাশিত রচনাবলিতে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। এ ছাড়া রচনাবলির পৃথক খণ্ড ১৫০ থেকে ২০০ টাকায় কেনার সুযোগ থাকবে। যেকোনো পরিমাণ বই কিনলেই উপহার হিসেবে পাওয়া যাবে বুকমার্ক। কার্নিভালে অংশ নেওয়া অন্যান্য প্রকাশনা প্রতিষ্ঠানের বইয়েও থাকবে বিশেষ ছাড়।
ঐতিহ্যের পাশাপাশি এবারের কার্নিভালে অংশ নিচ্ছে ইলহাম, কাকাতুয়া, গ্রিপার মার্ক, নির্বাচিত, নু বুকস, রেড ও ধ্রুবপদ। খাবারের আয়োজন নিয়ে থাকছে ফুড পার্টনার নির্বাচিত পাকেরঘর।
আয়োজকরা জানান, অতীতের মতো এবারও গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কার্নিভালকে আরও উৎসবমুখর করে তুলবে বলে তারা আশাবাদী।
/এনএ