×
Logo

শিল্প ও সাহিত্য

নাগরিক কবি শামসুর রাহমানের ২০তম মৃত্যুবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৬:১৩ পিএম

নাগরিক কবি শামসুর রাহমানের ২০তম মৃত্যুবার্ষিকী আজ

নাগরিক কবি শামসুর রাহমানের ২০তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের আজকের দিনে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্বনামধন্য এই কবির মৃত্যুবার্ষিকী ঘিরে জাতীয় পর্যায়ে তেমন কোনো কর্মসূচির কথা জানা না গেলেও ঢাকার বনানী কবরস্থানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীরা। 

১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন শামসুর রাহমান। তার পৈতৃক বাড়ি নরসিংদীর পাড়াতলী গ্রামে। তিনি পোগোজ স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশের পর ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে উচ্চশিক্ষা অর্জন করেন। ছাত্রজীবন থেকেই কবিতার প্রতি গভীর ঝোঁক ছিল কবির।

কবিতার পাশাপাশি সাহিত্যের বিভিন্ন শাখা এবং সাংবাদিকতায় তিনি অবদান রেখেছেন। তিনি দৈনিক মর্নিং নিউজে সাংবাদিক হিসাবে ১৯৫৭ সালে কর্মজীবন শুরু করেন। ১৯৭৭ সালের ফেব্রুয়ারি মাসে দৈনিক বাংলা ও সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক নিযুক্ত হন। ১৯৮৭ সালে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। এরপর তিনি অধুনা নামের একটি মাসিক সাহিত্য পত্রিকার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।

কবিতা ছাড়াও তিনি উপন্যাস, প্রবন্ধ, স্মৃতিকথা, ছড়া ও গল্প লিখেছেন। অনুবাদেও অবদান রেখেছেন। ‘প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে’, ‘রৌদ্র করোটিতে’, ‘নিজ বাসভূমে’, ‘বন্দী শিবির থেকে’সহ বহু গ্রন্থ রচনা করেছেন তিনি। 

বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পদকসহ বেশকিছু গুরুত্বপূর্ণ পুরস্কার।

/এসআর 

Logo