×
Logo

শিল্প ও সাহিত্য

বিবিসি'র প্রতিবেদন

ডেলিভারির ফাঁকে লেখা কবিতায় চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার জিতলেন ফুড রাইডার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১২:৫৩ পিএম

ডেলিভারির ফাঁকে লেখা কবিতায় চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার জিতলেন ফুড রাইডার

পেটের দায়ে করেন ফুড ডেলিভারির কাজ। তবে, খাবার পৌঁছে দেওয়ার ব্যস্ততার মাঝেই ছোট ছোট কাগজে লিখে রাখতেন কবিতা। সেই কবিতার সংকলনই এবার এনে দিল চীনের অন্যতম মর্যাদাপূর্ণ 'লু সুন সাহিত্য পুরস্কার'। এ সম্মান অর্জন করেছেন ফুড ডেলিভারি রাইডার ওয়াং জিবিং।

৫৬ বছর বয়সী ওয়াং জিবিংয়ের কাব্যগ্রন্থ ‘লো ফ্লাইট’ মূলত খাবার সরবরাহকারী কর্মীদের দৈনন্দিন জীবনসংগ্রাম, অনিশ্চয়তা ও মানসিক চাপকে কেন্দ্র করে লেখা। বইটি প্রকাশিত হয় ২০২৪ সালে।

চীনের আধুনিক সাহিত্যের অন্যতম পথিকৃৎ লু সুনের নামে প্রবর্তিত এই সাহিত্য পুরস্কার দেশটির অন্যতম সর্বোচ্চ সাহিত্য সম্মান হিসেবে বিবেচিত হয়।

পুরস্কার পাওয়ার খবর প্রকাশের পর চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াং বলেন, 'আমি নিঃশ্বাস আটকে রেখেছিলাম, ভীষণ নার্ভাস ছিলাম। ফল ঘোষণার পর সবকিছু যেন স্থির হয়ে গেল।'

তিনি আরও বলেন, পুরস্কার নিয়ে গণমাধ্যমের ব্যাপক আগ্রহ তার ওপর মানসিক চাপও তৈরি করেছে।

সংগ্রাম পেরিয়ে সাহিত্যজয়

চীনের জিয়াংসু প্রদেশে জন্ম নেওয়া ওয়াং আর্থিক সংকটের কারণে কৈশোরেই পড়াশোনা ছেড়ে দেন। এরপর নির্মাণশ্রমিক, বর্জ্য সংগ্রহকারী ও ফুটপাতে পণ্য বিক্রেতাসহ নানা পেশায় কাজ করেন। ২০১৯ সালের দিকে তিনি ফুড ডেলিভারি রাইডার হিসেবে কাজ শুরু করেন।

কঠিন জীবনের মধ্যেও বই পড়ার অভ্যাস ছাড়েননি তিনি। গত এক দশক ধরে নিজের লেখা কবিতা ও প্রবন্ধ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতে থাকেন।

২০২২ সালে ‘ম্যান ইন এ হারি’ শিরোনামের একটি কবিতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। ২০১৯ সালে ভুল ঠিকানা দেওয়া এক গ্রাহকের কাছে খাবার পৌঁছে দিতে গিয়ে তার দীর্ঘ ভোগান্তির অভিজ্ঞতা থেকেই কবিতাটি লেখা।

পরের বছর তিনি প্রকাশ করেন প্রথম কাব্যগ্রন্থ ‘ম্যান ইন এ হারি: পোয়েমস অব অ্যা ফুড ডেলিভারি রাইডার’।

পুরস্কার পেলেও ছাড়ছেন না চাকরি

লু সুন সাহিত্য পুরস্কার জিতলেও ডেলিভারি রাইডারের চাকরি ছাড়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ওয়াং। তার ভাষ্য, 'জীবিকা নির্বাহের জন্য এখন এই কাজের ওপর নির্ভর করতে হয় না। কিন্তু এই কাজের পরিবেশ আমার ভালো লাগে, এটি আমাকে সুস্থও রাখে। আমি সাধারণ মানুষের মতো জীবনই চাই। এই পুরস্কার আমাকে বদলে দেবে না।'

তিনি জানান, অন্তত ৬০ বছর বয়স পর্যন্ত ডেলিভারির কাজ চালিয়ে যেতে চান।

রাইডারদের জীবন উঠে এসেছে ‘লো ফ্লাইট’-এ

‘লো ফ্লাইট’ কাব্যগ্রন্থটি লেখার আগে প্রায় ২০০ জন ডেলিভারি কর্মীর সাক্ষাৎকার নিয়েছিলেন ওয়াং। তাদের অভিজ্ঞতা, সংগ্রাম ও স্বপ্নই উঠে এসেছে বইটির কবিতাগুলোতে।

বইয়ের একটি কবিতায় তিনি লিখেছেন, 'ডানা মেলা মানেই যে অনেক উঁচুতে উড়তে হবে, তা কে বলেছে? নিচু দিয়ে উড়েও তো উড়া যায়।'

চীনে বাড়ছে শ্রমজীবী লেখকদের উপস্থিতি

সাম্প্রতিক বছরগুলোতে চীনে শ্রমজীবী মানুষের লেখা সাহিত্যকর্ম ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। ২০২৩ সালে সাবেক কুরিয়ার কর্মী হু আনইয়ানের আত্মজীবনী ‘আই ডেলিভার পার্সেলস ইন বেইজিং’ দেশটিতে বেস্টসেলার হয়। পরে বইটির ইংরেজি অনুবাদও প্রকাশিত হয়।

এর আগে, ২০১৭ সালে, অভিবাসী শ্রমিক ফান ইউসুর আত্মজীবনীমূলক প্রবন্ধ ‘আই অ্যাম ফান ইউসু’ চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। পাঠকদের অভূতপূর্ব আগ্রহ এবং গণমাধ্যমের চাপে একপর্যায়ে তাকে সাময়িকভাবে নিজের বাড়ি ছেড়ে যেতে হয়।

চীনের বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক লু সুনের নামে প্রবর্তিত এই পুরস্কার দেশটির সাহিত্যাঙ্গনে সর্বোচ্চ সম্মানগুলোর একটি। ব্যঙ্গাত্মক রচনার মাধ্যমে চীনা সমাজের নানা অসংগতি তুলে ধরার জন্য তিনি আজও সমানভাবে স্মরণীয়।

/এআই

Logo