হিলি রেলস্টেশনের নিরাপত্তায় ১০ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
স্টাফ করেসপন্ডেন্ট, হিলি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে সার্বিক নিরাপত্তায় ও আইনশৃঙ্খলা রক্ষায় ১০ জন আনসার ভিডিপি সদস্য মোতায়নে করা হয়েছে। আগামী দুই মাস তারা স্টেশনে ২৪ ঘণ্টা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।
রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে স্টেশনটিতে তিন শিফটে দায়িত্ব পালন শুরু করেছেন আনসার সদস্যরা।
দিনাজপুর জেলা আনসার-ভিডিপির কমান্ড্যান্ট নুরুজ্জামান জানান, দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে ট্রেন চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে উত্তরবঙ্গের প্রায় সব রেলস্টেশনে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
এরই অংশ হিসেবে হিলি রেলওয়ে স্টেশনেও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। তারা তিন শিফটে ২৪ ঘণ্টা স্টেশনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন বলেও জানান তিনি।
/এএন