পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, নিহত ১
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে শরীয়তপুর ও মাদারীপুর অংশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ইব্রাহিম নামের একজন নিহত হয়েছেন। তার মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে রাখা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল ৮টার দিকে সংঘাত থামলেও বর্তমান এলাকাটিতে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয়রা জানান, নাশকতা ঠেকাতে গতকাল শনিবার রাত থেকে পদ্মাসেতুর জাজিরা প্রান্তের নাওডোবা অংশে অবস্থান নেন বিএনপি নেতাকর্মীরা। তবে আজ ভোরের দিকে সেখানে জড়ো হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষ ছড়িয়ে পড়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি অংশেও। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রায় এক ঘণ্টা এক্সপ্রেসওয়ে অবরোধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এছাড়াও, মাদারীপুরের টেকেরহাট ও গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে ব্যারিকেড দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এদিকে, নিরাপত্তার শঙ্কায় খুলনা, সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, নড়াইল ও মাগুরা থেকে পদ্মাসেতু হয়ে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বিকল্প রুট রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট হয়ে চলাচল করছে বাস। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
গতকাল শনিবার বিকেল থেকেই পদ্মা সেতু হয়ে চলাচলকারী অধিকাংশ পরিবহনের টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়।
বাস মালিক ও শ্রমিকরা জানান, যাত্রীদের নিরাপত্তা এবং গাড়ির ক্ষয়ক্ষতির আশঙ্কায় গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প রুটে বাস চলাচল করবে।
এ সিদ্ধান্তের ফলে দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে ঢাকা-খুলনা-ঢাকা রুটের যাত্রীদের। এছাড়া, বরিশাল অঞ্চল থেকে ঢাকা রুটে সরাসরি বাস বন্ধ রয়েছে। মাদারীপুরের টেকেরহাট পর্যন্ত চলাচল করছে পরিবহনগুলো।
/এএন