পাবনার চাটমোহরে বালুবোঝাই ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার (২৯ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ভ্যানচালক আব্দুল মমিন (৩০) এবং একই উপজেলার মহেলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে কৃষক নজরুল হোসেন (৭০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকজন কৃষিপণ্য নিয়ে ব্যাটারিচালিত ভ্যানে করে চাটমোহর রেলবাজারের অমৃতকুণ্ডা হাটে যাচ্ছিলেন। পথে ভাদড়া বাইপাস এলাকায় পৌঁছালে ভ্যানটির শ্যাফট ভেঙে যায়। এ সময় পেছন থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আব্দুল মমিন ও কৃষক নজরুল হোসেনের মৃত্যু হয়। আহত হন আরও দুজন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও ক্ষতিগ্রস্ত ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।
/এনএ