শীতের সকালে তেঁতুলিয়ায় পিঠা উৎসবে শিক্ষার্থীরা চিনলো ৫০ রকমের পিঠা
পঞ্চগড় করেসপনডেন্ট
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:৩১ এএম
বইয়ের পাতায় নয়, চোখের সামনে সাজানো বাহারি রকমের পিঠা। কোনোটি পরিচিত, আবার কোনোটি একেবারেই অচেনা। শিক্ষকদের কাছ থেকে পিঠার নাম, উপাদান ও তৈরির পদ্ধতি জানার পাশাপাশি বন্ধুদের সঙ্গে পিঠার স্বাদ নেওয়া—এমন আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে বাঙালির চিরায়ত ঐতিহ্যের সঙ্গে পরিচিত হলো একদল শিক্ষার্থী।
কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা রকমের পিঠা। নতুন প্রজন্মের অনেকের কাছে এসব পিঠার নাম যেমন অজানা, তেমনি অনেক পিঠা চোখে দেখারও সুযোগ হয়নি তাদের। সেই আক্ষেপ দূর করতে ব্যতিক্রমী পিঠা উৎসবের আয়োজন করেছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার প্রত্যন্ত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান রণচণ্ডী কিন্ডারগার্টেন।
গতকাল শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে সাজানো হয় নানা রকমের বাহারি পিঠা। শিক্ষার্থীদের সামনে পিঠার নাম, উপাদান ও তৈরির পদ্ধতিসহ বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেন শিক্ষকরা।
নতুন নতুন পিঠার নাম জানা, স্বাদ নেওয়া আর বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। পাঠ্যবইয়ের বাইরেও বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পায় তারা।
শিক্ষার্থী মুক্তি আক্তার মিতু জানায়, বিদ্যালয়ের মাঠে স্যারেরা পিঠা উৎসবের আয়োজন করেছেন। অনেক পিঠা খেয়েছি, বন্ধুদের সঙ্গে অনেক আনন্দ করেছি। আমাদের অনেক ভালো লেগেছে।
আরেক শিক্ষার্থী ফারজানা আক্তার জানায়, জীবনে এত রকমের পিঠা আগে কখনও দেখেনি সে।
সন্তানদের জন্য এমন আয়োজন করায় আনন্দিত অভিভাবকরাও। উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলতে অনেক অভিভাবক নিজ হাতে পিঠা তৈরি করে নিয়ে আসেন। একপর্যায়ে পিঠা উৎসব হয়ে ওঠে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলা।
আসমা খাতুন নামে এক অভিভাবক বলেন, রণচণ্ডী কিন্ডারগার্টেনের শিক্ষার পরিবেশ অনেক সুন্দর। আমাদের ছেলেমেয়েদের জন্য তাদের এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।
রণচণ্ডী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ সোহেল রানা জানান, বেসরকারি এই শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানীয় পাথরশ্রমিক, চা-শ্রমিক, কৃষক, দিনমজুর ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সন্তানরা লেখাপড়া করে। তাদের অনেকেই ঐতিহ্যবাহী পিঠার নাম জানে না। হারিয়ে যেতে বসা এসব পিঠার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
বিদ্যালয়টির সভাপতি নাইবুল ইসলাম জানান, নতুন প্রজন্মকে ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতে প্রতিবছর এমন উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
/এসআইএন