×
Logo

সারাদেশ

শিশু অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু আজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:০৮ এএম

শিশু অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু আজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে আজ। রোববার (২৯ নভেম্বর) মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের (চার্জ গঠন) শুনানি হওয়ার কথা রয়েছে। এ জন্য আদালতের নির্দেশ অনুযায়ী চার আসামিকে হাজির করা হবে। তবে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার হবে পৃথক আদালতে।

এর আগে, গত ২১ নভেম্বর মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. কাইমুল হক বিচারিক কার্যক্রম শুরুর দিন নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত এবং আসামিরা কারাগারে রয়েছেন।

পিপি বলেন, আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। অপ্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে জুভেনাইল কোর্টে এবং প্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে কুমিল্লার সেশন কোর্টে। কোনো কারণে আসামিদের কেউ আদালতে অনুপস্থিত থাকলে সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বিচারক।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের একটি পাহাড়ের নির্জন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ১৩ বছর বয়সী অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

/এনএ

Logo