রাজবাড়ীতে ডিবির পৃথক অভিযানে ৫টি দেশীয় একনলা বন্দুক ও গুলিসহ আটক ১
রাজবাড়ী করেসপনডেন্ট
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের দুটি পৃথক অভিযানে ৫টি দেশীয় তৈরি একনলা ওয়ান শুটার, কার্তুজ ও গুলিসহ মো. জালাল প্রামাণিক ওরফে জাকির হালিম (৩৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) ভোরে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় এ অভিযান চালানো হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে রাজবাড়ী পুলিশ সুপার মীর মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত জালাল প্রামাণিক ওরফে জাকির হালিম গোয়ালন্দ উপজেলার চর দেলুনদি গ্রামের আবজাল ওরফে আয়নাল প্রামানিকের ছেলে। তার বিরুদ্ধে দুটি হত্যা, অস্ত্র আইনের মামলাসহ ৪টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, অবৈধ আগ্নেয়াস্ত্র কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে জাকির হালিমকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ এবং পরিহিত প্যান্টের পকেট তল্লাশি করে ৩টি একনলা বন্দুক ৫টি কার্তুজ এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র কেনাবেচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ৩ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এদিকে, একই দিন ডিবি পুলিশের অপর একটি দল রাজবাড়ী সদর থানার উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় একনলা ওয়ান শুটার বন্দুক উদ্ধার করে।
রাজবাড়ী পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, আটককৃত ব্যক্তি ও পলাতক সহযোগীদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
/এএন