মোংলা-ঘাষিয়াখালী নৌ চ্যানেলে ভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আশ্বাস পরিবেশ প্রতিমন্ত্রীর
মোংলা করেসপনডেন্ট
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০২:২০ পিএম
মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদুল ইসলাম। এ সময় তিনি ভাঙন রোধ ও জনপদ সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) সকালে বাগেরহাটের রামপাল অংশের রমজাইপুর এলাকার ভাঙ্গন পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, দেড় মাস আগে মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের ভাঙ্গন পরিদর্শনের পর নেওয়া উদ্যোগের প্রেক্ষিতে ভাঙ্গন কবলিত বাগেরহাটের রামপালের রমজাইপুর এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। এ ভাঙ্গন রোধে ও গ্রাম সুরক্ষায় দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা জরুরী। এখানে স্টাডি করে কাজ করতে হবে। কারণ এখানে জিও ব্যাগ ফেলার পরও তা আবার ভেঙ্গে পড়ছে।
তিনি বলেন, এখানে নদীর বাঁকগুলো কিভাবে ঠিক বা সোজা করা যায় সেটাও সরেজমিনে দেখা হচ্ছে। বাঁকের কারণে স্রোতের আঘাতে অপর পাড়ের ভাঙ্গন অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএ এখানে খনন কাজ করছে, তাদেরকে নিয়ে ভাঙ্গন রোধে একটা যৌক্তিক সমাধানে যেতে হবে। যেন এই জনপদের মানুষগুলো ভাঙ্গনের শিকার থেকে মুক্তি পায়। কারণ তাদের বাড়ীঘর ও কৃষি জমি বিলিন হচ্ছে।
তিনি আরও বলেন, পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় সমীক্ষা শেষে তাদের প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠালে তারপর আমরা দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করবো বলে আশাবাদ ব্যক্ত করছি।
/এএন