×
Logo

সারাদেশ

পিরোজপুরে পার্কিং করে রাখা বাসে আগুন

পিরোজপুর করেসপনডেন্ট

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫২ এএম

পিরোজপুরে পার্কিং করে রাখা বাসে আগুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা 'আরাফাত পরিবহন' নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। 

জানা যায়, মঠবাড়িয়া উপজেলা পরিষদ সংলগ্ন মঠবাড়িয়া-পিরোজপুর বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা আরাফাত পরিবহন নামে  (খুলনা-ব-১১৫) নম্বরের একটি বাসের পেছনের অংশের সিটে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় অন্য বাসের হেলপাররা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বাসটির পেছনের কিছু অংশ ও কয়েকটি সিট পুড়ে যায়।

মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ বলেন, রাত ১২টার দিকে বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি বলেন, বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কে বা কারা আগুন লাগিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পান নি। তবে তিনি ধারণা করছেন, নাশকতার উদ্দেশ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। 

/এসআর 

Logo